মায়ের হাত ছেড়ে রাস্তার পার হতেই বাসের নিচে শিশু

বাগেরহাটের কচুয়ায় বাসের চাপায় বায়জিদ শেখ (৫) নামে এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার কিসমত পিংগুড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ শিশুর মরদেহ উদ্ধার করেছে। তবে বাসটি পালিয়ে গেছে।

নিহত বায়জিদ শেখ কচুয়া উপজেলার কিসমত পিংগুড়িয়া গ্রামের বাদশা শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে কচুয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান বলেন, বেলা ১২টার দিকে শিশু বায়জিদকে সঙ্গে নিয়ে তার মা নানা বাড়ি বেড়িয়ে কচুয়া উপজেলার কিসমত পিংগুড়িয়া এলাকায় অটোরিকশা থেকে নেমে ভাড়া পরিশোধ করছিলেন।

এ সময় ছেলে বায়জিদ মার হাত ছেড়ে একা দৌড়ে রাস্তা পার হতে গেলে একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে চলে যায়। এতে ঘটনাস্থলেই বায়জিদ মারা যায়। আমরা তার মরদেহটি উদ্ধার করি।