৪০ পূর্তির আয়োজনে ২৪ ডিসেম্বর মাইলসের গালা কনসার্ট

চল্লিশ বছর পূর্তিতে দেশ-বিদেশে ধারাবাহিকভাবে কনসার্ট করে যাচ্ছে মাইলস। এবার সে আয়োজনের সফল সমাপ্তি টানতে দেশে গালা কনসার্ট করতে যাচ্ছে ব্যান্ডটি; আগামী ২৪ ডিসেম্বর ঢাকার বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে। পুরো আয়োজনে থাকছে উইন্ডমিল অ্যাডভারটাইজিং লিমিটেড। গত বৃহস্পতিবার রাজধানীর বনানীর ক্লাব নটর ডেমে মাইলস সদস্যরা এই গালা কনসার্টের ঘোষণা দেন। এ দিন মাইলস ছাড়াও উপস্থিত ছিলেন ফিডব্যাক, ঢাকা, ওয়ারফেজ, ভাইকিংস ব্যান্ডের সদস্য ও স্বনামধন্য কয়েকজন গীতিকার ও মিউজিশিয়ান।

এ বিষয়ে মাইলসের অন্যতম ভোকাল ও গিটারিস্ট হামিন আহমেদ বলেন, ব্যান্ডের ৪০ বছর পূর্তির শেষ আয়োজনটি তারা নিজ দেশেই রেখেছেন। কারণ, দেশের অগণিত শ্রোতার হৃদয় জয়ের মধ্য দিয়ে শুরু হয়েছিল মাইলসের দীর্ঘ পথের যাত্রা। তার রেশ ধরে অন্য সব দেশের দর্শকের কাছাকাছি যাওয়ার সুযোগ পেয়েছে মাইলস। যে জন্য দেশে গালা কনসার্টের মধ্য দিয়ে ৪০ বছর পূর্তির বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি টানতে যাচ্ছি আমরা। গালা কনসার্টে মাইলস ছাড়াও গান পরিবেশন করবে দেশের জনপ্রিয় আরও বেশ কিছু ব্যান্ড।