পেঁয়াজকাণ্ডে চট্টগ্রামে ‘ঘৃণা’ জানিয়ে প্রতিবাদ

কুশপুত্তলিকায় ঝাড়ুপেটা করে, ছেঁড়া জুতা ঝুলিয়ে ও থুতু ছিটিয়ে ঘৃণা জানালেন কেউ কেউ। পেঁয়াজহীন বিভিন্ন পদ রান্না করে দেখালেন এক বাবুর্চি। লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ ছাড়া নুডzলস খেলেন কয়েকজন। পেঁয়াজ নিয়ে কারসাজির জন্য এভাবেই প্রতিবাদ জানানো হলো। গতকাল মঙ্গলবার বিকেলে নগরীর প্রেস ক্লাবের পাশের সড়কে ‘পেঁয়াজ সন্ত্রাসীদের বিরুদ্ধে ঘৃণার আগুন ছড়িয়ে দাও’ শীর্ষক এ কর্মসূচি আয়োজন করে ‘নাগরিক উদ্যোগ’ নামে একটি সংগঠন।

ঘৃণা প্রকাশের এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। ইসলামিয়া কলেজের ছাত্র রিগান বলেন, ‘পেঁয়াজ সন্ত্রাসী জনগণের দুশমন, এদের ঘৃণা জানাতে এসেছি। এক কেজি পেঁয়াজ কিনতেই ২০০-২৫০ টাকা শেষ। তাই পেঁয়াজ কারসাজিকারীদের কুশপুত্তলিকায় থুতু ও জুতা মেরেছি।’ গৃহিণী বিলকিছ বেগম বলেন, ‘আমরা অনেক কিছুই রান্না করি, তবে পেঁয়াজ ছাড়া এখানে বাবুর্চি নিজে রান্না করছে বিভিন্ন রেসিপি। এসব দেখছি পাশপাশি ঘৃণাও জানাচ্ছি।’

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, প্রধানমন্ত্রী যখন দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, বিশ্বে যখন বাংলাদেশের সুনাম বাড়ছে, ঠিক তখনই পেঁয়াজের ব্যবসায়ীরা সুনামহানির পাঁয়তারা করছে। তিনি বলেন, আমরা নারীসমাজ রান্নাঘর থেকেই পেঁয়াজ প্রত্যাখ্যান করছি। আত্মীয়স্বজনদের বলব পেঁয়াজ ছাড়া পাঁচফোড়ন দিয়ে রান্না করতে। নিরামিষ খাবার খেতে। যেকোনো মূল্যে পেঁয়াজ ব্যবসায়ীদের চক্রান্ত বাস্তবায়ন হতে দেব না। পেঁয়াজ সন্ত্রাসীদের বলছি, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন না। আমরা পেঁয়াজ কিনব না, দেখি কতদিন বাড়তি দামে বিক্রি করতে পারেন।

সভায় বিশেষ অতিথির বক্তব্যে নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা ও নগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজন বলেন, ‘অব্যাহতভাবে পেঁয়াজের মূল্যবৃদ্ধির জন্য এ কর্মসূচি। পেঁয়াজ সন্ত্রাসীদের মুখে থুতু-জুতা-ঝাঁটা নিক্ষেপ করা হয়েছে। তারা সরকারকে বেকায়দায় ফেলতে চায়। বিকল্প বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে এ কর্মসূচি নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘আপনারা ২০০ টাকা দিয়ে পেঁয়াজ না কিনে পরিবারের শিশুদের জন্য দুধ কিনুন। বাচ্চাদের বিকাশে শরীরে পুষ্টি হবে।’ পেঁয়াজ সংকটের সমাধানে বাণিজ্য মন্ত্রণালয় সম্পূর্ণ ব্যর্থ উল্লেখ করে তিনি বলেন, ‘চাল-ডাল পেঁয়াজ সবকিছুর দাম বাড়ছে, এটা কি মগের মুল্লুক? সরকারের মন্ত্রী-এমপিরা কী করছে?’

আওয়ামী লীগ নেতা হাজি মো. ইলিয়াছের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর নীলু নাগ, সাবেক কাউন্সিলর মমতাজ খান, আওয়ামী লীগ নেতা চন্দন ধর প্রমুখ।