প্রতি বছর ৪ ডিসেম্বর জাতীয় বস্ত্র দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সে হিসেবে আজ প্রথমবারের মতো ‘জাতীয় বস্ত্র দিবস-২০১৯’ উদযাপন করা হবে। এ উপলক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে।
গতকাল মঙ্গলবার পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, জাতীয় বস্ত্র দিবস-২০১৯ উপলক্ষে দৈনিক পত্রিকায় বিশেষ ক্রোড়পত্র প্রকাশিত হবে। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউয়ে ‘জাতীয় বস্ত্র দিবস-২০১৯’ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ৯ জানুয়ারি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বস্ত্র দিবসের মূল অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে এ খাতের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হবে।