এসএ গেমসের টি-টোয়েন্টি ক্রিকেটের নারী ইভেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বোলিংয়ে দারুণ নৈপুণ্য দেখিয়েছে বাংলাদেশ নারী দল। স্বাগতিক নেপালকে খুব অল্প রানে গুঁড়িয়ে দিয়েছে তারা।
পোখরার রঙ্গশালা স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৫০ রানের অলআউট হয়ে যেতে হয়েছে নেপাল নারীদের। দলটির তিনজন ছাড়া কেউই দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। রানের খাতাই খুলতে পারেননি পাঁচজন!
বাংলাদেশ দলের বোলারদের মধ্যে চার ওভার বোলিং করে দুই মেডেনসহ আট রানে ৪টি উইকেট নিয়েছেন রাবেয়া খান। দুটি উইকেট নিয়েছে জাহানারা আলম। একটি করে উইকেট সালমা খাতুন, নাহিদা আক্তার ও ফাহমিদা খাতুনের।
মঙ্গলবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা নারী দলকে ৭ উইকেটে হারিয়ে ইভেন্টে শুভ সূচনা করেছিল বাংলাদেশ।