সুদানে সিরামিক কারখানায় অগ্নিকাণ্ডে ২৩ জন নিহত

সুদানের রাজধানী খার্তুমে সিরামিক কারখানায় অগ্নিকাণ্ডে ২৩ জন নিহত ও ১৩০ জনেরও বেশি আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য নাগরিকদের রক্ত দেওয়ার অনুরোধ করেছে সুদান সরকার।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার একটি গ্যাস ট্যাংকার আনলোড করার সময় সেটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়।

প্রত্যক্ষদর্শী ও দমকলের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে ট্যাংকারটি উড়ে পাশের একটি মালপত্রের স্তূপের ভিতরে গিয়ে পড়ে। 

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আগুনে কারখানাটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে বলে। প্রাথমিক পর্যবেক্ষণে কারখানাটিতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থার অপ্রতুলতা ও অগ্নিনির্বাপণ যন্ত্রপাতির অভাব ছিল। এছাড়া, কারখানাটিতে যত্রতত্র দাহ্য বস্তু স্তূপ করে রাখা ছিল।

কারখানাটির কর্মী উইলিয়াম বলেন, কী হয়েছে আমি কিছুই বুঝতে পারিনি। বিস্ফোরণের শব্দ শুনে আমি দৌড় দেই। আলখাল্লা পরা এক লোক আমার পেছনে দৌড়াচ্ছিল, সে গুরুতর আহত ছিল আর আমার পায়েও আঘাত লেগেছিল।

ঘটনাস্থলে থাকা স্বেচ্ছাসেবক হুসেইন ওমর বলেন, আমি ১৪টি মৃতদেহ টেনে বের করেছি। সেগুলো পুরোপুরি দগ্ধ ছিল।

হতাহতদের মধ্যে এশিয়ার কয়েকটি দেশের নাগরিকও রয়েছেন বলে মেডিকেল সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে। তাদের সবাইকে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা সংকটজনক বলে স্থানীয় এক পুলিশ প্রধান জানিয়েছেন।