পরকীয়ার অভিযোগে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালকে কলাবাগান থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
বুধবার সন্ধ্যার দিকে রাজধানীর পান্থপথ এলাকার স্কয়ার হাসপাতাল সংলগ্ন রাস্তা থেকে কায়সার কামালসহ আরও দুজনকে থানায় নিয়ে যায় পুলিশ। অপর দু’জন হলেন- আইনজীবী আতিকুর রহমান ও তার স্ত্রী।
কলাবাগান থানার ওসি পরিতোষ চন্দ্র দেশ রূপান্তরকে বলেন, রাস্তায় ব্যারিস্টার কায়সার কামাল, আইনজীবী আতিকুর রহমান ও তার স্ত্রী- এই তিনজনে হট্টগোল শুরু করেন। তাদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ সময় রাস্তায় লোকজন জড়ো হয়ে গেলে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য তিনজনকেই থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি আরও বলেন, থানা-পুলিশের হেফাজতে তারা তিনজনেই কথা বলছেন বলে শুনেছি। এরপর তাদের সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুলিশের রমনা জোনের আরেক কর্মকর্তা জানান, আইনজীবী আতিকুর রহমান অভিযোগ করেছেন, তার স্ত্রীর সঙ্গে ব্যারিস্টার কায়সার কামালের পরকীয়ার সম্পর্ক রয়েছে। এই বিষয়টি নিয়েই তারা প্রকাশ্যে রাস্তার মধ্যে হট্টগোল শুরু করেন। তাদের মধ্যে হাতাহাতিও হয়।