কোস্টগার্ড মহাপরিচালকের সঙ্গে তুরস্ক কোস্টগার্ড প্রধানের সাক্ষাৎ

বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক (ডিজি) রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তুরস্ক কোস্টগার্ডের প্রধান আহমেদ কেনদির। গতকাল রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ হয়।

কোস্টগার্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাক্ষাৎকালে তুরস্ক কোস্টগার্ডের প্রধান এবং বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক একে অপরের সঙ্গে কুশলবিনিময় করেন। এ সময় উভয় দেশের কোস্টগার্ড সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। এর আগে তুরস্ক কোস্টগার্ডের প্রধান সস্ত্রীক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি মেমোরিয়াল পরিদর্শন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে পৌঁছালে গার্ড অব অনার দেওয়া হয় আহমেদ কেনদিরকে।

গত মঙ্গলবার চার দিনের সফরে বাংলাদেশে আসেন তুরস্ক কোস্টগার্ড প্রধান। সফরকালে তিনি বাংলাদেশ ও তুরস্ক কোস্টগার্ডের মধ্যে দ্বিপক্ষীয় বিভিন্ন উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেবেন। এ ছাড়া তিনি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী এবং নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সফরকালে তিনি সস্ত্রীক সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও পোশাকশিল্প, সোনারগাঁ লোক ও কারুশিল্প জাদুঘর এবং পানাম নগর পরিদর্শন করবেন।