বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন পাওয়ার অধিকার রয়েছে। এটি তার সাংবিধানিক অধিকার। এ ধরনের মামলায় উচ্চ আদালত থেকে অনেকেই জামিন পেয়েছেন, সেটির নজিরও অসংখ্য রয়েছে। গতকাল বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, সারা জাতি আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিনের বিষয়ে উচ্চ আদালতের দিকে তাকিয়ে আছে। আমরা বিশ্বাস করি, উচ্চ আদালত থেকে খালেদা জিয়া ন্যায়বিচার পাবেন। খালেদা জিয়া দেশের সিনিয়র সিটিজেন, তিনবারের প্রধানমন্ত্রী, দুইবারের বিরোধীদলীয় নেতা ও দেশের জনপ্রিয় শীর্ষ রাজনীতিবিদ এবং গুরুতর অসুস্থ। তার জামিন পাওয়া ন্যায়সঙ্গত অধিকার। তিনি বলেন, বিনা অপরাধে খালেদা জিয়াকে ৬৬৫ দিন কারারুদ্ধ করে রেখেছে ক্ষমতাসীন অবৈধ সরকার। রিজভী বলেন, ৭৫ বছর বয়সী খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা এত ভয়ংকর যে, এই মুহূর্তে তাকে মুক্তি দিয়ে উন্নত চিকিৎসার ব্যবস্থা করা না হলে জীবনহানির চরম ঝুঁকি রয়েছে।