কবিতা পাঠ ও স্মৃতিচারণের মধ্য দিয়ে স্মরণ করা হলো সদ্য প্রয়াত কবি ও স্থপতি রবিউল হুসাইনকে। গতকাল বুধবার বিকেলে বাংলা একাডেমি এই স্মরণ সভার আয়োজন করে। একাডেমির রবীন্দ্রচত্বরে অনুষ্ঠানের শুরুতে রবিউল হুসাইনের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাঙালি জাতীয়তাবাদী সাংস্কৃতিক ঐতিহ্য এবং মুক্তিযুদ্ধের চেতনায় ভাস্বর তার সামগ্রিক সাহিত্যভুবন। কবিতার সমান্তরালে তিনি লিখেছেন উপন্যাস, গল্প, প্রবন্ধ-গবেষণা, শিশুসাহিত্য। সম্পাদনা করেছেন কবিতায় ঢাকা এবং অনুবাদ করেছেন পাবলো নেরুদা ও এ্যালেন গিন্সবার্গের কবিতা। গত শতকের ষাটের দশকে এদেশের ছোটকাগজ আন্দোলনে তিনি ভূমিকা রেখেছেন। প্রয়াত কবির স্মরণে নিবেদিত কবিতা পাঠ করেন কবি রবীন্দ্র গোপ, তারিক সুজাত, খোরশেদ বাহার। সভাপতির বক্তব্যে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘রবিউল হুসাইন ব্যক্তিজীবনে যেমন মৃদু স্বভাবের ছিলেন, তেমনি তার কবিতাও মৃদুস্বরের। তার কবিতা ভালোভাবে পঠিত ও আলোচিত হলে তার ভিন্নধর্মী কাব্যবৈশিষ্ট্য অনুধাবন করা সম্ভব হবে।’