খালেদার মামলার শুনানি: আদালতে নিরাপত্তা জোরদার

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের বিষয়ে করা আপিলের শুনানিকে কেন্দ্র করে সুপ্রিম কোর্টে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে সুপ্রিম কোর্টের প্রবেশ পথগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস‌্য মোতায়েন করা হয়েছে।

আদালতের স্টাফ ও আইনজীবীদের পরিচয়পত্র দেখে ও তল্লাশি করে ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে। হাইকোর্টের তিনটি গেটেই নিরাপত্তা জোরদার করা হয়েছেন। আদালতের ভেতর আপিল বিভাগের দুই প্রবেশ পথেও রয়েছে পুলিশ।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় বিচারপতির বৃহত্তর আপিল বেঞ্চে এ মামলার শুনানি হবে। কার্যতালিকায় রাখা হয়েছে ৭ নম্বরে।

এদিকে আজ খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থার রিপোর্ট আদালতে জমা দেওয়ার নির্দেশনা ছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষ গতকাল বুধবার গণমাধ্যমকে জানিয়েছে, খালেদা জিয়ার স্বাস্থ্যের রিপোর্ট তৈরি করতে পারেননি। তাই আজ তারা রিপোর্ট আদালতে জমা দিতে পারবেন না। এ জন্য আদালতের কাছে সময় চাইবেন তারা।

গত ২৮ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় সাত বছরের কারাদণ্ড-প্রাপ্ত বিএনপি চেয়ারপারসনের জামিন শুনানিকালে তার স্বাস্থ্যগত প্রতিবেদন দেখতে চায় সর্বোচ্চ আদালত। গত ২ ডিসেম্বর সোমবার হাসপাতাল কর্তৃপক্ষ আদালতের নির্দেশের কপি হাতে পান। পরদিন মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ একটি মেডিকেল বোর্ড তৈরি করেন। গতকাল তারা রিপোর্ট তৈরি করার জন্য বৈঠক করেন।

বিএনপিদলীয় নেতারা জানিয়েছেন, মামলার শুনানিকে সামনে রেখে আমরা সুপ্রিম কোর্টের দিকে অধীর আগ্রহে তাকিয়ে রয়েছি। তারা সরকারকে হুঁশিয়ার করে বলেছেন, আজ জামিন না হলে জনগণ বুঝবে সরকারের বাধায় খালেদা জিয়ার জামিন হয়নি। সে ক্ষেত্রে বিএনপি লাগাতার কর্মসূচি ঘোষণা করে নেত্রীর মুক্তির দাবিতে আন্দোলনে যাবেন।