খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাবিতে বিক্ষোভ সমাবেশ

বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিক্ষোভ সমাবেশ করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার বেলা ১১টায় মধুর ক্যান্টিন থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের অবস্থান নেন তারা। সমাবেশে প্রায় তিন শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সেক্রেটারি ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘দেশে একদলীয় শাসনতন্ত্রের কারণে প্রধান বিচারপতির দেশত্যাগ করতে হয়েছে। সে রকম একটি দেশে কখনো সুবিচার হতে পারে না।’

ইকবাল হোসেন শ্যামল বলেন, ‘বাংলাদেশে একদলীয় শাসনতন্ত্র চলছে। এটা ভুটান নয়, সিকিম নয়। এটা স্বাধীন বাংলাদেশ। আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের প্রাণপ্রিয় নেত্রীকে মুক্ত করব।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক জিয়া খুব শীঘ্রই আন্দোলনের ডাক দিবেন। আমরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করব। রক্ত এবং ত্যাগের মাধ্যমে বাংলাদেশ তৈরি করব।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার বলেন, 'আমাদের নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। তিনি অসুস্থ। তারপরেও মেডিকেল রিপোর্ট দিতে বিলম্ব করছে। আমরা আর হাইকোর্টের দিকে তাকিয়ে থাকবো না। রাজপথেই নিশ্চিত করব আমাদের নেত্রীর মুক্তি।'

একই দিনে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানীর জজকোর্ট এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি নেতা-কর্মীরা।

বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে পুলিশের লাটিচার্জে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।