আমি খুব বেশি পেঁয়াজ খাই না: ভারতে অর্থমন্ত্রীর বক্তব্যে সংসদে হাস্যরস

পেঁয়াজের মূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ভারতের পার্লামেন্টে দেশটির অর্থমন্ত্রীর বক্তব্যে বিতর্ক ও হাস্যরসের সৃষ্টি হয়েছে।

এনডিটিভি জানায়, পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ে বক্তব্য দিতে গিয়ে বিরোধীদের চরম সমালোচনার শিকার হন বিজেপি সরকারের অর্থমন্ত্রী নির্মলা সীতারমন।

বাজার স্থিতিশীল করতে তিনি মিসরসহ অন্যান্য দেশ থেকে পেঁয়াজ আমদানি করার সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেন নির্মলা। তার বক্তব্যের মাঝখানে বিরোধীরা প্রশ্ন তোলেন, কেন পেঁয়াজের উৎপাদনে ধস নামল? তিনি কি মিসরের পেঁয়াজ খান?

বিরোধীদের প্রতিক্রিয়ায় নির্মলা বলেন, ‘আমি খুব বেশি পেঁয়াজ রসুন খাই না। তাই চিন্তার কোনো কারণ নেই। আমি এমন পরিবারের মানুষ যেখানে পেঁয়াজ নিয়ে লোকজনদের খুব বেশি মাথা ব্যথা নেই।’

অর্থমন্ত্রীর এমন বক্তব্যে হাস্যরসের সৃষ্টি হয়। কার্যকরী পদক্ষেপ না নিয়ে এমন হাস্যকর বক্তব্যের সমালোচনা করেন বিরোধী দলের এমপিরা।

এদিকে পেঁয়াজের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পার্লামেন্টে বিক্ষোভ করেছেন কংগ্রেসের এমপি। এই সময় তারা পেঁয়াজের ছবিযুক্ত প্ল্যাকার্ড প্রদর্শন করেন।