আওয়ামী লীগের প্রচার কমিটির সহযোগিতায় এবং দলটির গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) উদ্যোগে জাতীয় সম্মেলনের সার্বিক কার্যক্রম তুলে ধরতে ওয়েবসাইট চালু হয়েছে।
ওয়েবসাইটটির ঠিকানা- council.albd.org।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বৃহস্পতিবার আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের ওয়েবসাইট উদ্বোধন করেন।
অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগের জাতীয় সম্মেলনকে সামনে রেখে এই ওয়েবসাইট উদ্বোধন হয়েছে। ওয়েবসাইটটিতে ২১তম জাতীয় সম্মেলনের সার্বিক কার্যক্রম তুলে ধরা হবে। আওয়ামী লীগের প্রচার উপকমিটির সঙ্গে অনেক ক্ষেত্রেই সিআরআই একযোগে কাজ করে। সিআরআইর উদ্যোগে এবং আওয়ামী লীগের প্রচার কমিটির সহযোগিতায় এই ওয়েবসাইট করা হয়েছে।
আগামী ২০ ও ২১ ডিসেম্বর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠত হবে।
আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-সম্পাদক আমিনুল ইসলাম আমিন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, সংসদ সদস্য শেখ তন্ময়, প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু এসময় উপস্থিত ছিলেন।