নাগরিক তালিকা-এনআরসি আতঙ্কে ভারতে পশ্চিমবঙ্গে আরও এক ব্যক্তি আত্মহত্যা করেছেন।
সংবাদ প্রতিদিন জানায়, বৃহস্পতিবার সকালে গাছে ঝুলন্ত অবস্থায় জলপাইগুড়ির বাসিন্দা মোহাম্মদ শাহাবুদ্দিনের লাশ উদ্ধার হয়।
৭০ বছর বয়সী শাহাবুদ্দিন রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের তালিকাভুক্ত লোকসংগীত শিল্পী ছিলেন। এর জন্য তিনি নিয়মিত পেনশনও পেতেন।
তার পরিবারের দাবি, কয়েকদিন ধরে তিনি এনআরসি নিয়ে আতঙ্কে ভুগছিলেন। প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করতে ব্যস্ত ছিলেন। সেই আশঙ্কা থেকে তিনি আত্মঘাতী হন।
বুধবার ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। আগামী কয়েকদিনের মধ্যে বিলটি পার্লামেন্টে আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে গিয়ে ভারতে শরণার্থী হওয়া হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ ও পারসি সম্প্রদায়ের শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার কথা বলা আছে বিলে।
এমন পরিস্থিতিতে সীমান্ত এলাকার মানুষদের মধ্যে পুনরায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। এর আগে আসামে এনআরসি থেকে ১৯ লাখ মানুষের বাদ পড়ার পর একই আতঙ্কে ১২ জনেরও বেশি মানুষ রাজ্যটিতে আত্মহত্যা করেন। যার কয়েকজনই জলপাইগুড়ির বাসিন্দা।