ভারোত্তলনে ফুলপতি-রাজকুমারের রুপা জয়

এসএ গেমসের ভারোত্তলন ডিসিপ্লিন থেকে জোড়া রুপা পেল বাংলাদেশ। মেয়েদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশের ফুলপতি চাকমা রুপা জিতেছেন। ছেলেদের ইভেন্টে রুপা জিতেছেন রাজকুমার রায়।

বৃহস্পতিবার পোখারায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় স্ন্যাচে ৬৩ কেজি এবং ক্লিন অ্যান্ড জার্কে ৮৫ কেজি মিলিয়ে সর্বমোট ১৪৮ কেজি ওজন তুলে রৌপ্যপদক জেতেন ফুলপতি। এর আগে ২০১৬ শিলং-গৌহাটি এসএ গেমসেও মেয়েদের ৫৮ কেজিতে দেশকে রুপা উপহার দিয়েছিলেন ফুলপতি।

এই ইভেন্টে ভারতের বিন্দিয়ারানী দেবী সর্বমোট ১৭১ কেজি তুলে স্বর্ণ এবং পাকিস্তানের সাইমা শাহাজাদ ১৩৫ কেজি ওজন তুলে ব্রোঞ্জ পান।

এর আগে ছেলেদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে রুপা পদক জিতেছেন বাংলাদেশের রাজকুমার রায়। স্ন্যাচ (৮০) এবং ক্লিন অ্যান্ড জার্ক (১০৪) মিলিয়ে ১৮৪ কেজি তুলেছেন তিনি। এই ইভেন্টে সোনা জিতেছেন শ্রীলঙ্কার ওয়াইডিআই কুমারা (মোট ২৩৫ কেজি)। ব্রোঞ্জ নেপালের তুলারামের (মোট ১৭৮ কেজি)।