জামালপুরে পুলিশের প্রশিক্ষণে ছোড়া গুলিতে আবদুর রহিম (৬০) নামে এক বৃদ্ধ গুলিবিদ্ধ হয়েছেন। বুধবার বিকেলে পাথালিয়া গুয়াবাড়িয়া নিজ বাড়িতে শুয়ে থাকা অবস্থায় গুলিবিদ্ধ হন তিনি। তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আবদুর রহিমের মেয়ে কোহিনুর বেগম জানান, বিকেলে তার বাবা খাটের ওপর শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় হঠাৎ ২ কিলোমিটার দূরের চন্দ্রায় বিজিবি ক্যাম্পে চলমান পুলিশের শীতকালীন মহড়া থেকে একটি গুলি এসে ঘরের টিনের বেড়া ভেদ করে তার পায়ে লাগলে তিনি চিৎকার করে ওঠেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।
জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. শফিকুল ইসলাম জানান, আবদুর রহিমের বাঁ পায়ের এক দিক গিয়ে গুলি ঢুকে পা ফুঁড়ে বেরিয়ে গেছে। তবে তিনি এখন শঙ্কামুক্ত আছেন। এর আগে গত ২৮ নভেম্বর বিজিবির প্রশিক্ষণে ছোড়া গুলিতে একই এলাকার জুথি আক্তার নামে এক শিশু আহত হয়।
জামালপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার বাছির উদ্দিন জানান, বিজিবি ক্যাম্পে পুলিশের ৫ দিনব্যাপী শীতকালীন মহড়া চলছিল। এ ঘটনা কীভাবে ঘটল তা তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ গুলিবিদ্ধ আবদুর রহিমের সুচিকিৎসার ব্যবস্থা করবে।