সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরামর্শে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সম্মেলনে এ কমিটি ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জেলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন আগের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান ও সাধারণ সম্পাদক হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান।
আর মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন যথাক্রমে জেলার আগের কমিটির সহসভাপতি মাসুক উদ্দিন আহমদ ও নগর কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন।
জানা যায়, নিজেদের মধ্যে সমঝোতার জন্য শীর্ষ দু’পদের ৩২ প্রার্থীকে ২০ মিনিট সময় দেওয়া হলে তারা বিষয়টি নেত্রীর ওপর ছেড়ে দেন। পরে উপস্থিত কেন্দ্রীয় নেতারা দলীয় প্রধানের সঙ্গে পরামর্শ করে সমঝোতার ভিত্তিতে নতুন কমিটি ঘোষণা করেন।
সম্মেলনে বিদায়ী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, নগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ইনাম চৌধুরী ও যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ উপস্থিত ছিলেন।