দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গতকাল বৃহস্পতিবার মাদক মামলায় জামিন নিতে হাজিরা দিতে গিয়ে এক আসামি মারা গেছেন। মৃত নুর হোসেন (৬৫) জেলার নবাবগঞ্জ উপজেলার আন্দোলন গ্রামের নয়াপাড়া এলাকার প্রয়াত কফিলউদ্দিনের ছেলে। তিনি ২০১৩ সালের একটি মাদক মামলায় জামিন নিতে গতকাল দুপুরে দিনাজপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে গিয়েছিলেন বলে জানান তার জামাই নওশাদ আলী।
আদালত সূত্রে জানা যায়, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিমেন্ড রায়ের আদালতে মাদক মামলায় জামিন নেওয়ার জন্য হাজিরা দিতে আসেন নুর হোসেন। আদালত ভবনের (নতুন ভবন) পঞ্চম তলায় উঠে সিঁড়িতে পড়ে যান তিনি। সেখান থেকে স্বজনরা তাকে দিনাজপুর জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ধারণা করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।