ভারতের বিপক্ষে মুশফিকুর রহিম বরাবরই দারুণ খেলেন। বাংলাদেশ দলের সর্বশেষ ভারত সফরেও অন্যদের ব্যর্থতার মাঝে ঠিকই হেসেছে তার ব্যাট। আইপিএল নিলামের ঠিক আগে তার এই পারফরম্যান্স ভক্তদের মাঝে আশার সঞ্চার করেছিল। এবার অন্তত আইপিএলে মুশফিককে নিয়ে চাহিদা তৈরি হবে।
তবে খবর হচ্ছে, মুশফিক নিজে থেকেই আইপিএলে না খেলার সিদ্ধান্ত নিয়েছেন। আর এ কারণেই সুযোগ থাকা সত্ত্বেও নিলামে নিজের নাম অন্তর্ভুক্ত করেননি ৩২ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটসম্যান।
২০২০ আইপিএলের নিলাম বসবে ১৯ ডিসেম্বর। নিলামে নাম অন্তর্ভুক্তির শেষ সময় এরই মধ্যে পেরিয়ে গেছে। গত ৩০ নভেম্বর ছিল আইপিএলে ক্রিকেটারদের নাম নিবন্ধনের শেষ তারিখ।
এবারে আসরে খেলার জন্য বাংলাদেশ থেকে ছয় ক্রিকেটার আগ্রহ প্রকাশ করেছেন। নিজেদের নাম নিবন্ধন করা ক্রিকেটাররা হলেন- তামিম ইকবাল, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান, সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ ও তাসকিন আহমেদ।
এবারের নিলামেরে জন্য সব মিলে ৯৭১ ক্রিকেটার নিজেদের নাম নিবন্ধন করেছেন। যাদের মধ্যে ভারতীয় ক্রিকেটারের সংখ্যা ৭১৩ জন, বিদেশি ক্রিকেটার ২৫৮জন।
নিলামে ওঠা বিদেশি ক্রিকেটারদের মধ্যে ১৯৬ জনের রয়েছে আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। ৬০ জন আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি কখনো। সহযোগী সদস্য দেশ থেকে থাকছেন ২জন ক্রিকেটার।
বিদেশিদের মধ্যে কোন দেশ থেকে কতজন:
আফগানিস্তান ১৯, অস্ট্রেলিয়া ৫৫, বাংলাদেশ ৬, ইংল্যান্ড ২২, নেদারল্যান্ডস ১, নিউজিল্যান্ড ২৪, দক্ষিণ আফ্রিকা ৫৪, শ্রীলঙ্কা ৩৯, যুক্তরাষ্ট্র ১, ওয়েস্ট ইন্ডিজ ৩৪, জিম্বাবুয়ে ৩।