সঠিকভাবে মামলা তদন্তে এসপিদের আইজিপির নির্দেশ

দক্ষতার সঙ্গে সঠিকভাবে মামলা তদন্ত ও তদারকির জন্য পুলিশ সুপারদের নির্দেশ দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রেঞ্জ কার্যালয়ে রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ নির্দেশ দেন। সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমানের সভাপতিত্বে রেঞ্জাধীন ১৩ জেলার পুলিশ সুপার এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আইজিপি বলেন, নারী নির্যাতন মামলা বিশেষ করে ধর্ষণ ও গণধর্ষণ মামলা নিবিড়ভাবে তদারকির মাধ্যমে অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৫ সালের ১৫ জানুয়ারি রাজারবাগে স্বাধীন বাংলাদেশের প্রথম পুলিশ সপ্তাহে পুলিশকে জনগণের পুলিশ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। আমরা বঙ্গবন্ধুর নির্দেশনা অনুযায়ী জনগণের পুলিশ হতে চাই।

তিনি বলেন, কোনো নিরপরাধী যেন হয়রানির শিকার না হন এবং সাজা ও গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে কেউ যেন পালিয়ে না থাকতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে।

অনুষ্ঠানে বিভিন্ন ড়্গেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ১৩ পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়। গোপালগঞ্জের পুলিশ সুপার মুহাম্মদ সাইদুর রহমান খান শ্রেষ্ঠ পুলিশ সুপার হওয়ার গৌরব অর্জন করেন।