বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে জনগণ তাদের প্রতিহত করবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ।
তিনি বলেছেন, ‘তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাসান মাহমুদ বলেছেন, খালেদা জিয়ার এই মামলায় আদালত বারবার সময় দিয়েছে। আইন তার নিজস্ব গতিতে চলছে। এখানে সরকারের কিছু করার নেই। বিএনপি দেশে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করলে আওয়ামী লীগ জনগণের সঙ্গে থাকবে।’
বৃহস্পতিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন উপলক্ষে ওয়েব পেজ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এ সময় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনকে কেন্দ্র করে আদালতে আইনজীবীদের আচরণের নিন্দা জানান তথ্যমন্ত্রী।
তিনি বলেন, ‘বিএনপি অতীতেও আদালতে হট্টগোল করেছে। এটি নতুন কিছু নয়। আদালতে হট্টগোল আদালত অবমাননার শামিল। আদালতে বিএনপির হট্টগোল প্রমাণ করে তারা দেশের আইন মানে না।’
তথ্যমন্ত্রী বলেন, ‘আজকের আধুনিক বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আওয়ামী লীগকে আধুনিক রূপে গড়ে তুলেছেন। প্রধানমন্ত্রী মানুষকে স্বপ্ন দেখান এবং তা বাস্তবায়ন করেন।’
হাসান মাহমুদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৮ সালে জাতিকে দুটি স্বপ্ন দেখিয়েছিলেন, তার একটি হলো ডিজিটাল বাংলাদেশ, আরেকটি দিন বদল। এতে বিরোধী দল উপহাস করেছিল। আজ দেশে প্রায় ১০ কোটি মানুষ মোবাইল ফোন ব্যবহার করে। মোবাইল ফোনের মাধ্যমে আত্মীয়স্বজনসহ বিভিন্ন জনের সঙ্গে কথা বলা হয়, টাকা পাঠানো হয়, ভিডিও কনফারেন্স করা হয়। বাংলাদেশের মানুষ পৃথিবীর যেকোনো দেশের সঙ্গে মুহূর্তের মধ্যে যোগাযোগ করতে পারে। এটি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের অবদান।’
এ সময় উপস্থিত ছিলেন, তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রচার উপ-কমিটির সদস্য শেখ তন্ময়, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, আখতার হোসেন প্রমুখ।