ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসব

ঢাকায় শুরু হতে যাচ্ছে ১৫তম আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব। আগামী ৭ থেকে ১৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য এবারের উৎসবে বাংলাদেশসহ ৪৫টি দেশের দুই শতাধিক স্বল্প ও মুক্ত দৈর্ঘ্যরে চলচ্চিত্র দেখানো হবে। উৎসব উৎসর্গ করা হয়েছে সদ্য প্রয়াত নির্মাতা সাইদুল আনাম টুটুল, চিত্রগ্রাহক আনোয়ার হোসেন ও বাংলাদেশের চলচ্চিত্র সংসদ আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব মুহাম্মদ খসরুর স্মৃতির প্রতি। ‘হীরালাল সেন আজীবন সম্মাননা’ পুরস্কার প্রদান করা হবে চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলামকে। আগামী ৭ ডিসেম্বর বিকেল ৫টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে উৎসবের উদ্বোধন হবে।

গতকাল বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত তুলে ধরেন আয়োজকরা। উৎসব পরিচালক এন রাশেদ চৌধুরী বলেন, ‘বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরামের উদ্যোগে ১৯৮৮ সালে প্রথম আয়োজন করা হয় মুক্তধারার চলচ্চিত্রের এই উৎসব। এর পর থেকে নিয়মিত দ্বিবার্ষিক ভিত্তিতে এটি আয়োজিত হয়ে আসছে।’

এবারের উৎসবে আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগের নির্বাচিত কাহিনী ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পাশাপাশি থাকবে সাধারণ-বিশ্ব চলচ্চিত্র বিভাগ, বাংলাদেশি স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিযোগিতা বিভাগ (অনূর্ধ্ব ১৫ মিনিট দৈর্ঘ্যরে ছবি)-‘তারেক শাহরিয়ার ইন্ডিপেনডেন্ট শর্টস, নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড, কান্ট্রি ও রিজিওন ফোকাস, পৃথিবীর উল্লেখযোগ্য দুটি ফিল্ম স্কুলের নির্বাচিত চলচ্চিত্র, রেট্রোস্পেকটিভ চলচ্চিত্র প্রদর্শনী, ট্রিবিউট প্রদর্শনী, সাম্প্রতিককালে নির্মিত এশিয়ান মুক্ত দৈর্ঘ্যরে চলচ্চিত্রের প্রদর্শনী ছাড়াও উৎসবের অন্যতম আকর্ষণÑ আলমগীর কবির স্মারক বক্তৃতা, তিনটি প্রশিক্ষণ কর্মশালা, ১টি মাস্টার ক্লাস। উৎসবে আন্তর্জাতিক জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন ভারতের চলচ্চিত্র নির্মাতা কমল স্বরূপ, ব্রিটিশ চলচ্চিত্র সাংবাদিক নামান রামাচন্দ্রন প্রমুখ।