প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে গরিব কমছে না : জি এম কাদের

দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি যেভাবে বাড়ছে, সেই হারে গরিব মানুষের সংখ্যা কমছে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। তিনি বলেছেন, ‘গরিব মানুষের সংখ্যা দিনে দিনে বাড়ছে। সমাজে বৈষম্য আছে বলেই খুব বেশি গরিব আর বেশি ধনী মানুষের সংখ্যা বাড়ছে। এটা সামাজিক ন্যায়বিচার ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার অন্যতম অন্তরায়।’

গতকাল রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী অফিসে জাতীয় হকার্স পার্টির এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জিএম কাদের বলেন, ‘আমরা চাই সমাজে মধ্যবিত্তের সংখ্যা বাড়তে থাক। আজকে যারা গরিব তারা যেন মধ্যবিত্তের কাতারে উঠে আসে। তাদের সন্তানরা যেন ডাক্তার ইঞ্জিনিয়ার হতে পারে।’ সভায় বিশেষ অতিথির বক্তৃতায় জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেন, জাতীয় পার্টি হতদরিদ্র ও খেটে খাওয়া মানুষের রাজনীতি করে।