জাবির হল খুলেছে এক মাস পর, আন্দোলন অব্যাহত

দুর্নীতির অভিযোগ এনে উপাচার্যের অপসারণ দাবির আন্দোলনকে কেন্দ্র করে টানা এক মাস বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকালে খুলে দেওয়া হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলো। হল খোলার প্রথম দিনই ক্যাম্পাসে ফিরতে শুরু করেছেন শিক্ষার্থীরা।

প্রথম দিনই উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলামের অপসারণ দাবিতে বিক্ষোভও করেছেন আন্দোলনকারীরা। দুপুর ১টায় নতুন কলা ও মানবিকী অনুুষদ ভবন সংলগ্ন মুরাদ চত্বর থেকে ‘দুর্নীতির বিরুদ্ধে জাহাঙ্গীরনগর’র ব্যানারে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ও প্রশাসনিক ভবন প্রদক্ষিণ করে বটতলায় গিয়ে মিছিলটি শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল্লাহ ভূঁইয়া বলেন, ‘উপাচার্যের মদদে আমাদের যৌক্তিক আন্দোলনে নির্মম হামলা চালিয়েছে ছাত্রলীগের একাংশ। এই উপাচার্যের দুর্নীতির খতিয়ান দীর্ঘ হচ্ছে। বর্তমান সরকারের দুর্নীতির বিরুদ্ধে যে “জিরো টলারেন্স” নীতি, তা আমরা জাহাঙ্গীরনগরের ক্ষেত্রেও দেখতে চাই। আমরা আন্দোলনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে কালিমামুক্ত করতে চাই।’ আগামী মঙ্গলবার ‘উপাচার্যের দুর্নীতির খতিয়ান’ জনসম্মুখে প্রকাশ করা হবে বলে সমাবেশে জানান আন্দোলনকারীরা। গত বুধবার বিকেলে এক জরুরি সিন্ডিকেট সভায় বৃহস্পতিবার সকাল ১০টা থেকে আবাসিক হলগুলো খুলে দেওয়া ও আগামী রবিবার থেকে ক্লাস-পরীক্ষা সচল করার সিদ্ধান্ত হয়। বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেওয়ার পর আশপাশ এলাকায় অবস্থান নেওয়া শিক্ষার্থীরা রাতেই হলে ফিরে আসেন। অন্যান্য দিন রাতে হলে থাকতে না দিলেও এদিন এ ব্যাপারে শিথিল ছিল প্রশাসন। এরপর গতকাল সকাল থেকেই দূর-দূরান্তের শিক্ষার্থীরাও ফিরে আসতে শুরু করেন।

ক্লাস-পরীক্ষা চালু হলেও ফাতিহা-ই-ইয়াজদহম, শহীদ বুদ্ধিজীবী হত্যা দিবস, বিজয় দিবস ও শীতকালীন ছুটি বাদ দিলে এ মাসে মাত্র ১০ দিন ক্যাম্পাস খোলা থাকবে। আগামী ২২ থেকে ২৯ ডিসেম্বর শীতকালীন ছুটি থাকবে।