খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন না দেওয়া আদালত অবমাননা: ফখরুল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন না দিয়ে সরকার আদালত অবমাননা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের এক আলোচনা সভায় এ অভিযোগ করেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, হারিয়ে যাওয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করায় খালেদা জিয়া কারাগারে। আওয়ামী লীগ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কোনো দিনই ভূমিকা রাখেনি।

তিনি বলেন, অন্যায়ভাবে সাজা দিয়ে জোর করে আটক রাখা হয়েছে খালেদা জিয়াকে। খালেদা জিয়া মুক্ত হয়ে বের হয়ে আসলে সরকারের পক্ষে ক্ষমতায় থাকা সম্ভব নয়, তাই তাকে মুক্তি দিচ্ছে না।

মির্জা ফখরুল বলেন, খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ। চিকিৎসকরা বলছেন- বিলম্ব হলে প্রাণহানির আশঙ্কা রয়েছে।

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন শুনানিতে ৫ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য প্রতিবেদন দাখিলের কথা ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতাল কর্তৃপক্ষের।

তবে এদিন শুনানিতে প্রতিবেদন না দিয়ে রাষ্ট্রপক্ষ সময় আবেদন করলে আরও এক সপ্তাহ সময় দেয় আপিল বিভাগ।