ড্যানিয়েল ক্রেইগের পঞ্চম ও শেষ জেমস বন্ড সিনেমা ‘নো টাইম টু ডাই’ কড়া নাড়ছে ভক্তদের দরজায়। আর ট্রেলারে মূল চরিত্রকে নানান রূপে দেখানোর লোভ সামলাতে পারলেন না পরিচালক!
এই ছবিতে আছে অনেক চমক। যেমন; ‘বোহিমিয়ান র্যাপসডি’র জন্য অস্কারজয়ী রামি মালিক ভিলেন চরিত্রে অভিনয় করেছেন। ট্রেলারে অনেক রহস্য করেই তাকে দেখানো হলো। আছেন ‘ক্যাপ্টেন মার্ভেল’ তারকা লাশানা লিঞ্চ। ‘নাইভস আউট’ থেকে আনা ডে আরমাস। আছেন লিয়া সেদুও।
গুজব উঠেছিল ০০৭ এজেন্টর জুতা পরবর্তীতে পরতে যাচ্ছেন লাশানা। কিন্তু তেমন কোনো ইঙ্গিত নেই ট্রেলারে। এটা বোঝা যায় যে, ফ্র্যাঞ্চাইজির পরবর্তী কিস্তিতে তাকে দেখা যাবে।
বুধবার প্রকাশ হয় চোখ ধাঁধানো ট্রেলারটি। দারুণ সব অ্যাকশন দৃশ্য, ইতালির পাথুরে রাস্তায় কার চেজ, পায়ে দড়ি বেঁধে শূন্যে ঝাঁপ দেওয়া- কত কী আছে আড়াই মিনিটে!
ছবিতে আরও অভিনয় করেছেন ক্রিস্টোফার ওয়াল্টজ, বেন উইশ’, নওমি হ্যারিস, বিলি ম্যাগনুসেন, র্যালফ ফিয়েন্সসহ অনেকে।
এবার অপহৃত এক বিজ্ঞানীর খোঁজে মাঠে নামতে দেখা যাবে জেমস বন্ডকে। চষে বেড়াবেন ইউরোপ-আমেরিকা। সেই গল্পে হানা দেয় এক রহস্যময় ভিলেন সাফিন, যার হাতে রয়েছে নতুন প্রযুক্তির অস্ত্র। কিন্তু অপ্রতিরোধ্য তো নয়। তাকে সতর্ক করে বন্ড বলছে, যারা ঈশ্বরের ভূমিকা নিতে চায় ইতিহাস তাদের প্রতি সদয় নয়।
২০১৫ সালে ‘স্পেকটর’ করার পর ক্রেইগ বলেছিলেন, এটাই শেষ। কিন্তু দর্শকেরা তাকে ছাড়েনি। তাই বাধ্য হয়ে আরেকবার প্লেবয় গোয়েন্দা তিনি। ট্রেলার বলছে তিনি নিজের পুরোটাই দিয়েছেন বন্ড চরিত্রে।
‘নো টাইম টু ডাই’ পরিচালনা করেছেন ক্যারি জোজি ফুকুনাগা। তার সঙ্গে মিলে কাহিনি লিখেছেন ফোবি ওয়ালার-ব্রিজ। যদিও প্রথম দিকে পরিচালক হিসেবে ছিলেন ড্যানি বয়েল। প্রযোজকের সঙ্গে মতানৈক্যের কারণে পরে তিনি সরে দাঁড়ান। আর জেমস বন্ড সিরিজের পঁচিশ নম্বর ছবিটি মুক্তি পাচ্ছে ২০২০ সালের ৮ এপ্রিল।