প্রতারক চক্রের হাত থেকে বাড়ি রক্ষায় বৃদ্ধের আকুতি

গাজীপুরে জমি বন্ধক দিয়ে ব্যাংক থেকে ঋণ পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে একটি প্রতারক চক্র জালিয়াতির মাধ্যমে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিসহ ২ একর ৩৫ শতাংশ জমি দখল ও আমিন উদ্দিন নামে এক বৃদ্ধকে বাড়িঘর থেকে উচ্ছেদের পাঁয়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল শুক্রবার গাজীপুরের কালীগঞ্জ উপজেলার উলুখোলা এলাকার গলান গ্রামে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ওই এলাকার আমিন উদ্দিন (৮০)।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তার বড় ছেলে আফসার উদ্দিনের সঙ্গে ২০০৭ সালে ঢাকা ওয়ারী হাটখোলা এলাকার মঞ্জুর করিমের বন্ধুত্ব হয়। তার ছেলেকে ব্যাংকে জমি বন্ধক রেখে ঋণ পাইয়ে দেওয়ার জন্য জমির দলিল চান মঞ্জুর। অশিড়্গিত আফসার সরল বিশ্বাসে মঞ্জুরকে দলিলের ফটোকপি দেন এবং সাদা স্ট্যাম্পে টিপসই দেন। একপর্যায়ে তারা জানতে পারেন তার দান করা গলান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ বিঘা জমিসহ ২ একর ৩৫ শতাংশ জমি মঞ্জুর জাল দলিল তৈরি করে নিজেদের নামে আমমোক্তারনামা করে নেন। বিষয়টি জানতে পেরে ওই আমমোক্তারনামা বাতিল করার জন্য ২০১০ সালে গাজীপুর জজ আদালতে মামলা করেন। মঞ্জুর মারা যাওয়ার পর তার পক্ষে গলান গ্রামের মিরাজ উদ্দিন ও তাইজ উদ্দিন জালিয়াতি করে ওই জমি দখল করার জন্য ভয় দেখাতে থাকেন। পরে ঢাকায় সিআইডি দপ্তরে আমিন উদ্দিনের টিপসই ফরেনসিক ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। ওই পরীক্ষার রিপোর্টে আমিন উদ্দিনের টিপসই জাল করা হয়েছে বলে প্রমাণিত হয়।

আমিন উদ্দিন অভিযোগ করেন, বিষয়টি নিয়ে আদালতে মামলা চলমান থাকার পরও চক্রটি নানাভাবে তাদের হয়রানি করছে এবং তার জমি জোরপূর্বক দখলে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্ট কতৃ©পক্ষের কাছে সুবিচার দাবি করেন। তাইজ উদ্দিন বর্তমানে অন্য একটি মামলায় কারাগারে আছেন। আর মিরাজ উদ্দিনের মুঠোফোনে কল করলেও তিনি রিসিভ করেননি।