ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ডার্বি আজ। চলতি মৌসুমে লিগে নিজেদের ১৬তম ম্যাচে মুখোমুখি হবে ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেড। খেলা ম্যানসিটির স্টেডিয়াম ইতিহাদে। এটি ম্যানচেস্টার ডার্বির ১৭৯তম ম্যাচ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় শুরু হবে খেলা।
বর্তমানে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে সিটিজেনরা। ২১ পয়েন্টে ম্যানচেস্টার ইউনাইটেড আছে ছয় নম্বরে (গতকাল পর্যন্ত)। খেলা নিজেদের মাঠে তাই ম্যান ইউনাইটেডের চেয়ে কিছুটা এগিয়ে থাকবে পেপ গার্দিওলার দল। লিগে দু’দলের সবশেষ ৫ দেখায়ও এগিয়ে ম্যানসিটি। জিতেছে ৩টি। একটি জয় ম্যান ইউনাইটেডের। অপরটি ড্র হয়। সিটির মাঠে সবশেষ ৩ ম্যাচে ১টি করে জয় ম্যানসিটি ও ম্যান ইউনাইটেডের। অপরটি ড্র। সবশেষ ২০১৮ সালের এপ্রিলে ম্যানচেস্টার ইউনাইটেড ৩-২ গোলে জিতেছিল সিটির ম্যাঠে, সবশেষ ৫ ম্যাচে সিটির বিপক্ষে রেড ডেভিলদের জয় এটিই।
চলতি মৌসুমে লিগে নিজেদের শেষ ম্যাচে দু’দলই পেয়েছে দারুণ জয়। ম্যানচেস্টার সিটি ৪-২ গোলে হারায় বার্নলিকে। আর ম্যান ইউনাইটেডের জয় ২-১ গোলে টটেনহ্যামের বিপক্ষে। ম্যানচেস্টার ডার্বির আগে দু’দলই আছে ফর্মে। তবে নিজেদের মাঠে ম্যানসিটি কতটা শক্ত প্রতিপক্ষ তা বোঝা যায় পরিসংখ্যান দেখলে। চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ২৬ ম্যাচে ২৩টিতে জয় পেয়েছে তারা। ড্র ২টি, হার ১ ম্যাচে। সিটি চাইবে এই ম্যাচ জিতে শীর্ষে থাকা লিভারপুল এবং দ্বিতীয় স্থানে থাকা লিস্টার সিটির সঙ্গে পয়েন্ট ব্যবধান ঘুচাতে। বর্তমানে লিভারপুলের চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে ম্যানচেস্টার সিটি। আর দুইয়ে থাকা লিস্টার সিটির চেয়ে পিছিয়ে ৩ পয়েন্টে।