অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে টেস্টে সম্প্রতি অপরাজিত ৩৩৫ রানের ইনিংস খেলেছেন অস্ট্রেলিয়ান ওপেনার ডেভিড ওয়ার্নার। ওয়েস্ট ইন্ডিজ কিংবদন্তি ব্রায়ান লারার টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ অপরাজিত ৪০০ রানের রেকর্ডটা হুমকির মুখেই পড়ে গিয়েছিল সেদিন। অজি অধিনায়ক টিম পেইন ইনিংস ঘোষণা না করলে লারার রেকর্ডটা হয়তো নিজের করে নিতেন ওয়ার্নার।
তবে ওই ম্যাচের পর ওয়ার্নার বলেছিলেন, একদিন রোহিত শর্মা ভেঙে দেবেন লারার রেকর্ড। লারা নিজেও বিশ্বাস করেন, রোহিত পারবেন তার রেকর্ড ভাঙতে। মুম্বাইয়ে একটি অনুষ্ঠানে রোহিতের সঙ্গে আরেকজনের নাম বলেছেন লারা। নামটি ভারতীয় তরুণ পৃথ্বী শ।
২০০৪ সালে লারা অপরাজিত ৪০০ রানের রেকর্ড গড়েন ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগা টেস্টে। লারা বিশ্বাস করেন, ‘রোহিত শর্মার মতো ব্যাটসম্যান যদি নিজের দিনে একটা ভালো পিচে ব্যাটিং করার সুযোগ পায়, আমার রেকর্ড ভাঙতে পারে। আক্রমণাত্মক মেজাজে ব্যাট করতে হবে এ জন্য। পৃথ্বী শ-রও সম্ভাবনা আছে এই রেকর্ড ভাঙার। ওর মাত্র ১৯ বছর বয়স। গোটা পৃথিবীটাই ওর সামনে পড়ে রয়েছে। আশা করি পৃথ্বী দ্রুত ফিরে আসবে।’ ডোপ টেস্টে পজিটিভ হওয়ায় পৃথ্বী আপাতত নিষিদ্ধ সব ধরনের ক্রিকেটে।
লারার দল ওয়েস্ট ইন্ডিজ এখন ভারত সফর করছে। শুক্রবার প্রথম টি-টোয়েন্টিতে দুই শতাধিক রানের পুঁজি গড়েও ৬ উইকেটে হেরেছে কিয়েরন পোলার্ডের দল। লারা এই সিরিজ সম্পর্কে বলেন, ‘ভারতের বিপক্ষে ভারতে খেলাটা সব সময়ই কঠিন। তাই জেতার থেকেও বেশি গুরুত্ব দিতে হবে সিরিজ শেষে দলের কতটা উন্নতি হল সে দিকে।’