শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উপলক্ষে বিএনপির কর্মসূচি

আগামী ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস ও ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

শনিবার নয়াপল্টনে এক যৌথ সভা শেষে কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি জানান, বিজয় দিবসে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ এবং শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতিহা পাঠ করা হবে।

বিজয় দিবস উপলক্ষে ১৭ ডিসেম্বর ঢাকায় বিজয় শোভাযাত্রা বের করা হবে। এ ছাড়া বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হবে।

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল বিশেষ আলোচনা সভা করবে। আলোচনা সভার সময়সূচি পরে জানানো হবে।

স্থানীয় সময় অনুযায়ী সারাদেশে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে কর্মসূচি পালন করা হবে। বিজয় দিবস উপলক্ষে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আলোকসজ্জা করা হবে।

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে এবং কালো পতাকা উত্তোলন করা হবে। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হবে।