এসএ গেমসে বাংলাদেশের আরও একটি সোনালি দিন

নেপালে এসএ গেমসে শনিবারটা দারুণ কেটেছে বাংলাদেশের। এদিন তিনটি স্বর্ণ পদক জিতেছে লাল-সবুজরা। রৌপ্য-ব্রোঞ্জ এসেছে উল্লেখযোগ্য সংখ্যক। মেয়েদের ভারোত্তলনে স্বর্ণ এনে দিয়েছেন মাবিয়া আক্তার সীমান্ত। ছেলেদের ভারোত্তলনে স্বর্ণ জিতেছেন জিয়ারুল ইসলাম। অপর স্বর্ণটি এসেছে মেয়েদের ফেন্সিং থেকে। তাতে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন ফাতেমা মুজিব।

ভারোত্তলন: পোখারায় মেয়েদের ৭৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচে ৮০ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১০৫ কেজি মিলিয়ে মোট ১৮৫ কেজি ওজন তুলে স্বর্ণ জিতেছেন মাবিয়া আক্তার সীমান্ত। শ্রীলঙ্কার বিসি প্রিয়ান্থি স্ন্যাচ (৮৩ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১০১ কেজি) মিলিয়ে ১৮৪ কেজি তুলে রৌপ্য ও নেপালের তারা দেবী স্ন্যাচ (৭৫ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্কে (৯৭ কেজি) মিলিয়ে ১৭২ কেজি তুলে রৌপ্য জিতেছেন।

ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্ন্যাচ (১২০ কেজি) ও ক্লিন অ্যান্ড জার্ক (১৪২ কেজি) মিলিয়ে ২৬২ কেজি তুলে স্বর্ণ পদক জয় করেন জিয়ারুল ইসলাম। নেপালের বিশাল সিং (২৪৭ কেজি) রৌপ্য এবং ভুটানের কিনলে গেইলসেন ( ১৭০ কেজি) ব্রোঞ্জ পেয়েছেন।

ছেলেদের ১০২ কেজিতে মোহাম্মদ মাইনুল ইসলাম সব মিলিয়ে ২৫০ কেজি তুলে রৌপ্য পদক জয় করেন।

মেয়েদের ৮১ কেজিতে জহুরা খাতুন নিশা সব মিলিয়ে ১৬৮ কেজি রৌপ্য পদক জয় করেন। মেয়েদের ৮৭ (প্লাস) ওজন শ্রেণিতে ফিরোজা পারভীন ব্রোঞ্জ পেয়েছেন।

ফেন্সিং: মেয়েদের একক সাবর ইভেন্টে স্বর্ণ জিতেছেন ফাতেমা মুজিব। জন্মদিনে সোনালি হাসি হাসলেন তিনি। আন্তর্জাতিক পর্যায়ে ফেন্সিংয়ে বাংলাদেশকে প্রথম স্বর্ণ এনে দিলেন ফাতেমা। কাঠমান্ডুর নয়াবাজার কৃতিপুরে ফাইনালে নেপালের রাবিনা থাপাকে ১৫-১০ পয়েন্টে হারান তিনি।

ছেলেদের ফয়েল একক ইভেন্টে রুবেল মিয়া ব্রোঞ্জ পদক জিতেছেন।

কুস্তি: মেয়েদের ৫৫ কেজি ওজন শ্রেণিতে রিমি সরকার রৌপ্যপদক জিতেছেন। এই ইভেন্টে স্বর্ণপদক নেপালের। ছেলেদের ৯৭ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জপদক পেয়েছেন রশীদ হাওলাদার স্বর্ণ ভারত ও রৌপ্য পাকিস্তানের।

হ্যান্ডবল: মেয়েদের সেমি-ফাইনালে ভারতের কাছে ৪১-১৩ গোলে হেরেছে বাংলাদেশ। ছেলেদের সেমি-ফাইনালে পাকিস্তানের কাছে ২৮-১৭ গোলে হারে বাংলাদেশ।

বাস্কেটবল: মেয়েদের বিভাগে গ্রুপ পর্বে ভুটানের কাছে ৭৮-১৯ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। বাস্কেটবল থ্রি অন থ্রি বিভাগে ছেলেদের প্রথম ম্যাচে নেপালের কাছে ২১-০৯  এবং দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ২১-১১ ব্যবধানে হেরেছে বাংলাদেশ।

কাবাডি: পুরুষ কাবাডিতে ভারতের কাছে ৪৪-১৯ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। প্রথমার্ধে ভারত এগিয়ে ছিল ২৮-৮ পয়েন্টে। বাংলাদেশের পরের ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে ৮ ডিসেম্বর সকাল ৯টায় আর্মড ফোর্স পুলিশ মাঠে।

শুটিং: ১০ মিটার এয়ার রাইফেলের মিক্সড ইভেন্টের ফাইনালে ভারতের কাছে হেরে রৌপ্য পেয়েছে বাংলাদেশের আব্দুল্লাহ হেল বাকী এবং সৈয়দা আতকিয়া হাসান দিশা।

অ্যাথলেটিকস: কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে ছেলেদের ৪*৪০০ মিটার রিলেতে আবু তালেব-সাইফুল ইসলাম-মাসুদ রানা-জহির রায়হান ৩ মিনিট ১৫ দশমিক ৫০ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন। এ ইভেন্টে শ্রীলঙ্কা ৩ মিনিট ০৮ দশমিক ০৪ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ ও ভারত ৩ মিনিট ০৮ দশমিক ৩১ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছে।

মেয়েদের ৪*৪০০ মিটার রিলেতে শাবিয়া আল সোহা-সুমি আক্তার-শরিফা খাতুন-শিরিন আক্তারে গড়া বাংলাদেশ দল ৪ মিনিট ৩ দশমিক ৫৫ সেকেন্ড সময় নিয়ে চতুর্থ হন। শ্রীলঙ্কা ৩ মিনিট ৪১ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে সোনা ও পাকিস্তান ৩ মিনিট ৪১ দশমিক ৭৪ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছে।

আর্চারি: রিকার্ভ পুরুষ এককের সেমিফাইনালে নিজ দেশের তামিমুল ইসলামকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে উঠেছে রোমান সানা। ৯ ডিসেম্বর ভুটানের কিনলে শেরিংয়ের বিপক্ষে ফাইনাল খেলবেন তিনি।

মেয়েদের রিকার্ভ এককের সেমি-ফাইনালে ইতি খাতুন ৬-০ সেট পয়েন্টে ভুটানের কারমাকে হারিয়ে ফাইনালে ওঠেন। ভুটানের সুনাম দেমার বিপক্ষে ফাইনাল খেলবেন তিনি।

ছেলেদের কম্পাউন্ড এককে সেমি-ফাইনালে সোহেল রানা নিজ দেশের অসীম কুমারকে ১৪৫-১৪৪ স্কোরে হারিয়ে ফাইনালে উঠেছেন। শিরোপা লড়াইয়ে তার প্রতিপক্ষ ভুটানের তানদিন দর্জি।

মেয়েদের কম্পাউন্ড এককের সেমি-ফাইনালে শ্রীলঙ্কার থাকশিলাকে ১৪১-১৩৭ স্কোরে হারিয়ে ফাইনালে উঠেছেন সোমা বিশ্বাস। ফাইনালে তার প্রতিপক্ষ শ্রীলঙ্কার করুনারত্নে।

ছেলেদের রিকার্ভ দলগত বিভাগে নেপালকে ৬-০ সেট পয়েন্টে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। আগামীকাল রোববার তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

মেয়েদের রিকার্ভ দলগত বিভাগে নেপালকে ৬-০ সেটে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ। সেখানে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা।

রিকার্ভ মিশ্র দলগত বিভাগে রোমান-ইতি জুটি নেপালের জুটিকে ৬-২ সেট পয়েন্ট হারিয়ে ফাইনালে উঠেছে। ফাইনালের প্রতিপক্ষ ভুটান।

ছেলেদের কম্পাউন্ড দলগত বিভাগে নেপালকে ২২৪-২১৫ স্কোরে হারিয়ে ফাইনালে বাংলাদেশ। প্রতিপক্ষ ভুটান।

মেয়েদের কম্পাউন্ড দলগত বিভাগে বাই পেয়ে সরাসরি ফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে প্রতিপক্ষ শ্রীলঙ্কা। কম্পাউন্ড মিশ্র দলগত বিভাগে বাই পেয়ে সরাসরি ফাইনালে উঠেছে বাংলাদেশের সোহেল-সুস্মিতা জুটি। ফাইনালে প্রতিপক্ষ নেপাল।

সাঁতার: ছেলেদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে আরিফুল ইসলাম ২৮.৩৬ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক পেয়েছেন। ভারতের সেলভারাস প্রেমা ২৮.০৬ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ ও শ্রীলঙ্কার কিরণ মালিঙ্কা ২৮.৭৯ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন।

ছেলেদের ৪০০ মিটার ইনডিভিজুয়াল মিডলেতে জুয়েল আহমেদ ৪ মিনিট ৪০.৮২ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য জিতেছেন। ভারতের শ্রীধর শিভা স্বর্ণ জিতেছেন।

মেয়েদের ৮০০ মিটার ফ্রি স্টাইলে ৯ মিনিট ৩৫.১৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পেয়েছেন।