শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, একাত্তরের ঘাতকদের দোসর আর অগ্নি-সন্ত্রাসীদের নতুন করে আর কেউ ক্ষমতায় দেখতে চায় না। শনিবার সকালে সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) ৪০ বর্ষ পূর্তি উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘অন্যায়কারী আর অন্যায়ের যে শিকার দুজন এক নয়। কাজেই যারা বোমা ও পেট্রলবোমা মেরে আগুন দিয়ে মানুষকে হত্যা ও চিরজীবনের জন্য পঙ্গু করে দিয়েছে। পক্ষান্তরে যিনি (প্রধানমন্ত্রী) নিজের পরিবারের সদস্যদের জন্মদিন পালন করেন প্রতিবন্ধী শিশুদের নিয়ে, এ দুই পক্ষ কখনোই এক হতে পারে না।’
পরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের যে অভিযোগ উঠেছে তা যাচাই করা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে সাধারণ শিক্ষার্থীদের জিম্মি করে মাসের পর মাস আন্দোলন সঠিক নয়।
ট্রাস্ট ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজডের (টিআরপি) চেয়ারম্যান সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সিআরপির প্রতিষ্ঠাতা ভেলরি টেইলর। পরে শিক্ষামন্ত্রীসহ অতিথিরা সিআরপির প্রতিবন্ধী শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. নুরুল কবির, নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের চেয়ারপারসন অধ্যাপক গোলাম রব্বানী ও লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এনডিসি রাকিব হোসেন। এ সময় সিআরপির কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসাসেবা গ্রহণকারী প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শেষে সিআরপির প্রতিবন্ধী কর্মী ও শিশুদের চিত্রকর্ম অতিথিদের হাতে উপহার হিসেবে তুলে দেওয়া হয়। এ ছাড়া প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ করেন অতিথিরা।