যুক্তরাষ্ট্রের নৌঘাঁটিতে হামলাকারী সৌদি নাগরিক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের একটি নৌঘাঁটিতে হামলাকারী বন্দুকধারী সৌদি আরবের নাগরিক এবং তিনি ওই ঘাঁটিতেই প্রশিক্ষণ নিতে এসেছিলেন বলে ঘাঁটির কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে বিবিসি। হামলাকারী মোহাম্মদ সাইদ আল শামরানি সৌদি বিমান বাহিনীর সদস্য। গত শুক্রবার হামলার সময় তার মৃত্যু হয়।

হাওয়াইয়ের পার্ল হারবার সামরিক ঘাঁটিতে নৌবাহিনীর এক নাবিকের গুলিতে দুই বেসামরিক নিহত ও একজন আহত হওয়ার দুইদিন পর পেনসাকোলা নৌঘাঁটিতে এ হামলার ঘটনা ঘটল। শুক্রবারের ওই হামলায় বন্দুকধারীসহ মোট চারজন নিহত এবং আরও ৮ জন আহত হয়েছে।

আলাবামা রাজ্যের সীমান্তবর্তী ফ্লোরিডার এই ঘাঁটি যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর প্রধান প্রশিক্ষণ কেন্দ্রগুলোর একটি। নৌবাহিনীর অ্যারোবেটিক ফ্লাইট ডেমোনেস্ট্রেশন স্কোয়াড্রন ‘দ্য ব্লু অ্যাঞ্জেলস’র কার্যক্রমও এই ঘাঁটিতে। ঘাঁটিটিতে ১৬ হাজারের বেশি সামরিক এবং ৭ হাজার ৪০০ বেসামরিক কর্মী নিয়োজিত আছেন।