সমুদ্রে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে

জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান বৈশ্বিক উষ্ণতার কারণে সমুদ্রে অক্সিজেনের মাত্রা কমে যাচ্ছে বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (আইইউসিএন)।

সমুদ্রে অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় পানিতে নাইট্রোজেন ও ফসফরাসের মাত্রা আশঙ্কাজনকভাবে বেড়ে যাচ্ছে। এতে সামুদ্রিক জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়ছে।

আইইউসিএনের গবেষণার বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, অনেক বছর ধরেই সমুদ্রে অক্সিজেনের মাত্রা কমছে। কিন্তু এখনকার মতো এত খারাপ পরিস্থিতি এর আগে কখনো ছিল না।

গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৬০–এর দশকে ৪৫টি সামুদ্রিক এলাকায় অক্সিজেনের মাত্রা কম ছিল। বর্তমানে এমন সামুদ্রিক এলাকার সংখ্যা বেড়ে প্রায় ৭০০–তে দাঁড়িয়েছে। এতে টুনা, মার্লিন ও হাঙরের মতো সামুদ্রিক প্রজাতিগুলোর অস্তিত্ব হুমকির মুখে পড়ে যাচ্ছে।

সামুদ্রিক এলাকায় অবস্থিত শিল্পকারখানাগুলো থেকে প্রচুর পরিমাণ বর্জ্য পদার্থ সমুদ্রে মিশছে। এতে সমুদ্রের পানিতে নাইট্রোজেন ও ফসফরাসের মাত্রা বাড়ছে। সাম্প্রতিক বছরগুলোয় জলবায়ু পরিবর্তনের কারণে এ হুমকি আরও বেড়েছে। গ্রিনহাউস ইফেক্টের কারণে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে, আর সেই বাড়তি তাপমাত্রা শুষে নিচ্ছে সমুদ্রগুলো। কিন্তু সমুদ্রের পানির তাপমাত্রা যত বাড়ে, পানিতে অক্সিজেনের মাত্রা তত কমে।

আইইউসিএনের গবেষক মিনা এপস বলেছেন, ‘সমুদ্রে অক্সিজেন কমে যাওয়ার ব্যাপারে আমরা অনেকেই জানি। কিন্তু এর নেপথ্যে যে জলবায়ু পরিবর্তনই দায়ী, সেটি অনেকেই জানি না। গত ৫০ বছরে সমুদ্রে অক্সিজেনের মাত্রা উদ্বেগজনক হারে কমেছে।’