ঢাকার ধামরাইয়ে যৌতুকের দাবিতে সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নির্যাতন করার অভিযোগে সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা হয়েছে। গত শুক্রবার রাতে উপজেলার নান্নার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশার বিরুদ্ধে মামলাটি করেন স্ত্রী লিপি আক্তার।
মামলা সূত্রে জানা গেছে, ধামরাইয়ের নান্নার গ্রামে লিপি আক্তারের (৩৫) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল বাশার বাদশা। গত তিন বছর আগে তাকে বিয়েও করেন তিনি। এরপর তারা বিভিন্ন এলাকায় বাসা ভাড়া নিয়ে বসবাস করতে থাকেন। সম্প্রতি লিপি আক্তার সাত মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়লে তার গর্ভের সন্তান নষ্ট করতে বলেন বাদশা। কথা অমান্য করায় স্ত্রীকে নির্যাতন করতে থাকেন তিনি। একপর্যায়ে স্ত্রীর কাছে যৌতুক দাবি করেন এবং হত্যারও হুমকি দেন তিনি। এ ঘটনায় লিপি আক্তার বাদী হয়ে মামলা করেন।
এ ব্যাপারে আবুল বাশার বাদশা ওই নারীকে বিয়ে করার কথা অস্বীকার করে বলেন, লিপির গর্ভের সন্তান আমার নয়, অন্যের।