রাজধানীর দুটি জায়গায় যাত্রীবাহী দুটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। গতকাল বিকেল সোয়া ৩টার দিকে কারওয়ানবাজারে ট্রাস্ট পরিবহনের এবং বিকেল পৌনে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির একটি দ্বিতল বাস আগুন লেগে পুড়ে যায়। একই দিনে দুটি বাসে আগুনের ঘটনা নাশকতামূলক কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা শাহাদত দেশ রূপান্তরকে জানান, কারওয়ানবাজারে ট্রাস্ট পরিবহনের একটি বাসে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তবে প্রথমে যাওয়া একটি ইউনিটই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অন্যদিকে বিকেল পৌনে ৪টার দিকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনে বিআরটিসির দোতলা বাসে আগুন লাগে। সেখানে আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করে।
ট্রাস্ট পরিবহনের আগুন নিয়ন্ত্রণে কাজ করা সিনিয়র স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, ‘প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, ইঞ্জিনের ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত শেষে আগুনের সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।’
কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সামনের বাসে আগুনের বিষয়ে জানতে চাইলে ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক বলেন, ‘বিআরটিসির দোতলা বাসের ইঞ্জিন গরম হওয়ার পরপরই ওই বাসের চালক যাত্রীদের বাস থেকে নামিয়ে দেন। সব যাত্রী ও চালক নিরাপদে রয়েছেন।’ এদিকে রাজধানীতে হঠাৎ দুটি বাসে আগুনের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হঠাৎ করে দুটি বাসে আগুনের বিষয়টি কোনো নাশকতার অংশ কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষে বোঝা যাবে কীভাবে আগুন লেগেছে।’