ধর্ষণের জন্য দায়ী পর্নসাইট: বিহারের মুখ্যমন্ত্রী

ভারতজুড়ে ধর্ষণ, যৌন হেনস্তা ও যৌন নির্যাতনের জন্য পর্ণ সাইটের সহজলভ্যতাকে দায়ী করেছেন দেশটির বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নিতীশ কুমার।

সংবাদ প্রতিদিন জানায়, ভারতে আশঙ্কাজনক হারে ধর্ষণের ঘটনা বৃদ্ধি পাওয়ায় এমন মন্তব্য করেন নিতীশ কুমার।

ক্ষমতাসীন বিজেপির এই নেতা বলেন, ‘নারীদের ওপর যে যৌন হেনস্তা বা অত্যাচার করা হচ্ছে, তার মূল কারণ হলো পর্নসাইটের সহজলভ্যতা।’

তার ভাষ্য, ‘পর্নসাইটগুলোতে ধর্ষণের ভিডিও থাকে। ধর্ষকেরা হয়তো নিজেই সেই ভিডিও তুলে পোস্ট করে। আমি কেন্দ্রের কাছে অনুরোধ করব এসব ওয়েবসাইট নিষিদ্ধ করতে, যেগুলোতে যৌন উত্তেজনামূলক ভিডিও দেখানো হয়।’

ইন্টারনেটে পর্নোগ্রাফি নিষিদ্ধ করা নিয়ে দীর্ঘদিন ধরে ভারতে বিতর্ক চলছে। এর আগে ভারতে পর্নসাইট বন্ধের নির্দেশ দিয়েছিল কেন্দ্র সরকার। কিন্তু প্রথম সারির পর্নসাইটগুলো ভিন্ন উপায়ে প্রবেশ করা যায়।

তবে পর্নসাইটের জন্য ধর্ষণ হচ্ছে, নিতীশের এমন যুক্তির সমালোচনা করেছে নেটিজেনরা।

তাদের মতে, পর্নসাইটের মতোই ঘনিষ্ঠ দৃশ্য দেখানো হয় সি গ্রেডের ভোজপুরি ছবিতেও। নিতীশের উচিত, আগে ভোজপুরি ছবি তৈরি বন্ধ করা।

একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি কী করে এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করলেন, সে প্রশ্নও তুলছেন অনেকে।