দীর্ঘ আট বছর ক্যানসারের সঙ্গে লড়ে হার মানলেন নওয়াজউদ্দিন সিদ্দিকির বোন সায়ামা তামশি সিদ্দিকি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৬ বছর। পুনের একটি হাসপাতালে মৃত্যু হয় তামশির।
শনিবার টাইমস অব হিন্দুস্তান জানায়, তামশির মৃত্যুর খবর নিশ্চিত করেন নওয়াজের আরেক ভাই আয়াজউদ্দিন সিদ্দিকি।
তিনি আরও জানান, বোনের মৃত্যুর সময়ে যুক্তরাষ্ট্রে ছিলেন নওয়াজ। রবিবার উত্তরপ্রদেশে নিজ গ্রাম বুধানায় তামশির জানাজা ও দাফন সম্পন্ন হবে।
দুরারোগ্যে আক্রান্ত বোনের কথা গত বছর সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জানিয়েছিলেন বলিউড অভিনেতা। ১৮ বছর বয়সেই তামশির স্তন ক্যানসার ধরা পড়েছিল।
সে দিন তামশির ২৫ বছর জন্মদিন ছিল। সোশ্যাল মিডিয়ায় সেই পোস্টে নওয়াজ লিখেছিলেন, ‘১৮ বছর বয়স থেকেই স্তন ক্যানসারে আক্রান্ত আমার বোন। সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করুন, সব প্রতিবন্ধকতা কাটিয়ে সে যেন খুব শিগগিরই সুস্থ হয়ে ওঠে।’