প্রশংসা শুনলে মনে হয় দিন ফুরিয়ে এসেছে: আকবর আলি খান

প্রশংসা শুনলে মনে হয় দিন ফুরিয়ে এসেছে- বললেন অর্থনীতিবিদ ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. আকবর আলি খান।

শনিবার এই অর্থনীতিবিদকে সম্মাননা প্রদান করে ঢাকার ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি। সেখানে এই মন্তব্য করে।

ড. আকবর আলি খান বলেন, “আমাকে যখন কেউ গালি দেয় তখন আমার বেঁচে থাকার ইচ্ছে করে। কারণ এর জবাব আমাকে দিতে হবে, এটার মোকাবিলা করতে হবে। আবার যখন সবাই প্রশংসা করেন তখন মনে হয় আমার দিন বোধ হয় ফুরিয়ে এসেছে; আমার বোধ হয় আর কিছু করার নেই।”

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের (আইইবি) কাউন্সিল হলে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তার হাতে সম্মাননা স্মারক ও সম্মানী তুলে দেওয়া হয়।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গবেষক সৈয়দ আবুল মকসুদ এবং বিশেষ অতিথি ছিলেন সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম।

ড. আকবর প্রসঙ্গে প্রধান অতিথি সৈয়দ আবুল মকসুদ বলেন, “ব্রাহ্মণবাড়িয়া একটি সাংস্কৃতিক জেলা । বাংলাদেশের সাংস্কৃতিক রাজধানী বললে ব্রাহ্মণবাড়িয়াকেই মানুষ বলে। সারা পৃথিবীর মানুষ ব্রাহ্মণবাড়িয়াকে আলাদাভাবে চিনে। কারণ সেখান থেকে এমন কৃতি সন্তান বেরিয়েছেন, যারা শুধু দেশের ভেতরেই খ্যাতি অর্জন করেননি, সারা পৃথিবীতে বাংলাদেশকে এবং ভারতবর্ষকে উজ্জ্বল করেছিলেন।”

আরও বলেন, “রাজনৈতিক ও সামাজিক বিষয়ে আকবর আলী খান স্পষ্টভাষী। বৃহত্তর জনগোষ্ঠীর কল্যাণে তিনি সব সময় নিবেদিত থেকেছেন, এমনকি রাষ্ট্রীয় ক্ষমতা থেকে অব্যাহতি নিয়েছেন। ক্ষমতা কিংবা মোহ তার কর্মে প্রভাব বিস্তার করতে পারেনি।”

স্বাগত বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক কাজী আব্দুল নূর। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত সাধারণ সম্পাদক মঈনউদ্দীন মঈন।