এসএ গেমসে আর্চারিতে একের পর এক স্বর্ণ জিতেই যাচ্ছে বাংলাদেশ। রিকার্ভ পুরুষ দলগত ইভেন্ট ও রিকার্ভ নারী দলগত ইভেন্টে স্বর্ণ জয়ের পর এবার মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছে বাংলাদেশের আর্চাররা।
দুপুরে মিশ্র দলগত ইভেন্টে দেশকে স্বর্ণ এনে দেন রোমান সানা ও ইতি খাতুন। তারা ৬-২ সেট পয়েন্ট ও ৩-১ সেটে উড়িয়ে দেন ভুটানের সোনাম দেমা ও কিনলে শেরিংকে।
প্রথম সেট বাংলাদেশ জিতে নেয় ৩৬-৩৪ ব্যবধানে। দ্বিতীয় সেটে বাংলাদেশ জয় পায় ৩৭-৩৪ ব্যবধানে। তৃতীয় সেটে এসে হেরে যায় ৩৪-৩৭ ব্যবধানে। এরপর শেষ সেটে তারা জয় পায় ৩৭-৩৪ পয়েন্টের ব্যবধানে।
সকালে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে বাংলাদেশকে স্বর্ণ জেতান রোমান সানা, তামিমুল ইসলাম ও হাকিম আহমেদ রুবেল। এরপর রিকার্ভ নারী দলগত ইভেন্টে স্বর্ণ এনে দেন ইতি খাতুন, মেহনাজ আক্তার মুনিরা ও বিউটি রায়।
আর্চারিতে তিন স্বর্ণের সুবাদে আসরে বাংলাদেশের স্বর্ণের সংখ্যা দাঁড়িয়েছে ১০টি।