কাশ্মীরে গণগ্রেপ্তার বন্ধ ও ইন্টারনেট সচলে মার্কিন কংগ্রেসে রেজুলেশন

ভারত শাসিত কাশ্মীরে গণগ্রেপ্তার বন্ধে এবং ইন্টারনেট সচল করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদে একটি দ্বি-দলীয় রেজুলেশন উত্থাপন করা হয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট নারী কংগ্রেস সদস্য প্রমীলা জয়পাল রেজুলেশনটি উত্থাপন করেন। এর কো-স্পন্সর ছিলেন রিপাবলিকান কংগ্রেসম্যান স্টিভ ওয়াটকিনস।

দ্য হিন্দু জানায়, কয়েক সপ্তাহের চেষ্টার পর রেজুলেশনটি প্রতিনিধি পরিষদে উত্থাপন করেন প্রমীলা। এটি সাধারণ রেজুলেশন। উচ্চকক্ষ সিনেটে ভোটাভুটি হবে না। কোনো আইনি বাধ্যবাধকতাও নেই।

রেজুলেশনটি উত্থাপনকে সামনে রেখে ভারতীয় বংশোদ্ভূত আমেরিকানরা বিভিন্নভাবে এর বিরোধিতা করে তার প্রতি আহ্বান জানিয়ে আসছিলেন। তাদের একাধিক প্রতিনিধি দল প্রমীলার সঙ্গে বৈঠকও করেন।

এর আগে কাশ্মীর পরিদর্শন এবং সেখানকার পরিস্থিতি সরেজমিন দেখতে কূটনীতিকদের অনুমতি নিশ্চিতে ভারতকে রাজি করানোর জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সাহায্য চেয়েছিল মার্কিন কংগ্রেস প্যানেল।

হাউস ফরেন অ্যাফেয়ার্স সাব-কমিটি অন এশিয়া’র প্রধান কংগ্রেসম্যান ব্র্যাড শেরম্যান পররাষ্ট্র মন্ত্রণালয়কে লেখা এক চিঠিতে এ অনুরোধ জানান।

গত ৫ আগস্ট হিন্দুত্ববাদী বিজেপি সরকার বিশেষ সাংবিধানিক ও রাজ্যের মর্যাদা কেড়ে নিয়ে কাশ্মীরকে কেন্দ্রীয় শাসনের অধীনে নিয়ে যায়। সেই থেকে কড়া কারফিউ আরোপের পাশাপাশি ফোন ও ইন্টারনেট যোগাযোগ বন্ধ থাকায় অঞ্চলটি কার্যত গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন রয়েছে।