বলিউড তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফ এখন ঢাকায়। বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করতে এসেছেন তারা।
রোববার বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় ভারত থেকে ব্যক্তিগত বিমানে যাত্রা শুরু করেন সালমান, সঙ্গে ছিলেন ক্যাটরিনা। সকাল সোয়া ৯টার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন ‘ভারত’-খ্যাত এই জুটি।
সালমান-ক্যাটরিনার ঢাকায় আসার ব্যাপারটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সালমান খান উঠছেন হোটেল ওয়েস্টিনে ও ক্যাটরিনা কাইফ উঠছেন হোটেল রেডিসনে।
বিমান থেকে নেমেই প্রথমে দুটি করে ডাবের পানি পান করেন সালমান-ক্যাটরিনা। এর পর নিজ নিজ হোটেলের দিকে রওনা দেন।
সূত্র জানায়, হোটেলের রুমে পৌঁছানোর ঘণ্টা খানেক পর বেলা ১১টা দিকে নাশতা করেন। তাদের পাঁচ স্তরের নিরাপত্তা দেওয়া হয়েছে। বর্তমানে নিজ নিজ হোটেলে অবস্থান করছেন।
এদিকে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করে এবারের বিপিএলকে দেওয়া হয়েছে বিশেষ মর্যাদা। এই আসরকে জাঁকজমকপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে তারকাবহুল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করছে বিসিবি।
উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পারফরম করবেন সালমান খান ও ক্যাটরিনা কাইফ। প্রথমে একক পারফরম্যান্স করবেন দুজন। তবে দুজনের দ্বৈত পারফরম্যান্স দিয়ে শেষ হবে উদ্বোধনী অনুষ্ঠান। সালমানের আগে মঞ্চে উঠবেন ক্যাটরিনা। অনুষ্ঠানে বাংলাদেশি তারকাদের মধ্যে পারফর্ম করবেন জেমস ও মমতাজ। থাকছেন ভারতের কৈলাশ খেরও।