নরসিংদীতে মজুরি কমিশনসহ ১১ দফা দাবি আদায়ে পূর্ব ঘোষিত আগামী ১০ ডিসেম্বর থেকে আমরণ অনশন কর্মসূচি সফলের লক্ষ্যে সভা ও শপথ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ ডাকে ইউএমসি জুট মিলের শ্রমিকরা মিলের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
ধর্মঘটে ইউনাইটেড-মেঘনা-চাঁদপুর (ইউএমসি) জুট মিলের স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছে।
এর মধ্যে কর্মসূচি উপলক্ষে শত শত শ্রমিক এই শপথ অনুষ্ঠানে অংশ নেয়। আমরণ অনশন কর্মসূচি দাবিতে সভা ও শপথ কর্মসূচি সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত মিলের সকল প্রকার উৎপাদন বন্ধ হয়ে যায়।
ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউএমসি জুট মিলের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সিবিএ নেতা মোশারফ হোসেন, কাইযুম প্রধান, শামসুল আরেফিন, রিপন সরকারসহ ঐক্য পরিষদের নেতারা।
এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনের বকেয়া মজুরি কমিশন, পিএফ’র টাকা প্রদান ও বদলি শ্রমিকদের স্থায়ীকরণ, মজুরি কমিশনসহ তাদের ১১ দফা ন্যায্য দাবি জানিয়ে আসছি। ৪টি দপ্তরের দাবি মানা হলেও পাটকল শ্রমিকদের দাবি আদায় হয়নি। আগামীকাল ৯ তারিখের মধ্যে দাবি-দাবা মানা না হলে আগামী ১০ ডিসেম্বর থেকে রাজপথে আমরণ কর্মসূচির হুঁশিয়ারি দেয় শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা।