এসএ গেমসের আর্চারিতে স্বর্ণময় একটি দিন কাটাল বাংলাদেশ। রিকার্ভ ও কম্পাউন্ড বিভাগ মিলে এদিন আর্চারি ডিসিপ্লিনের ছয়টি ইভেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। সব কটি ইভেন্টেই স্বর্ণ নিজেদের করেছে বাংলাদেশ।
রবিবার পোখারায় দিনের প্রথম স্বর্ণটি আসে ছেলেদের রিকার্ভ দলগত ইভেন্ট থেকে। এর পর মেয়েদের রিকার্ভ দলগত, মিশ্র দলগত থেকেও স্বর্ণ নিশ্চিত করে লাল-সবুজের প্রতিনিধিরা।
রিকার্ভের পর কাম্পাউন্ড বিভাগেও দাপট দেখিয়েছে বাংলাদেশ। ছেলেদের দলগত, মেয়েদের দলগত ও মিশ্র দলগততে স্বর্ণ নিশ্চিত করে বাংলাদেশি প্রতিযোগীরা।
আর্চারি থেকে দিনের ছয়টি স্বর্ণের সঙ্গে মেয়েদের ক্রিকেট ইভেন্ট থেকে এসেছে স্বর্ণ। সব মিলে এদিন এখন পর্যন্ত ৭টি স্বর্ণ নিশ্চিত করেছে বাংলাদেশ। তাতে এবারের আসর থেকে এখন পর্যন্ত বাংলাদেশের প্রাপ্তি ১৪টি স্বর্ণ।
এক নজরে আর্চারির ৬ ইভেন্টের ফলাফল
রিকার্ভ পুরুষ দলগত
আর্চারির প্রথম স্বর্ণটি আসে রিকার্ভ পুরুষ দলগত ইভেন্ট থেকে। ফাইনালে বাংলাদেশ ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কা কে পরাজিত করে স্বর্ণ জিতে নেয়। বাংলাদেশে হয়ে প্রতিনিধিত্ব করেন- রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল।
রিকার্ভ মহিলা দলগত
এই ইভেন্টে মোসাম্মত ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়কে নিয়ে গড়া দল ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কা কে পরাজিত করে স্বর্ণ জিতে নেয়। বাংলাদেশ পায় আর্চারি থেকে দ্বিতীয় পদক।
রিকার্ভ মিশ্র দলগত
রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টের ফাইনালে বাংলাদেশ ৬-২ সেট পয়েন্টে ভুটানকে পরাজিত করে স্বর্ণ জয় করে। বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন রোমান সানা ও মোসাম্মত ইতি খাতুন।
কম্পাউন্ড পুরুষ দলগত
কম্পাউন্ড বিভাগের এই ইভেন্টের ফাইনালে বাংলাদেশ ২২৫-২১৪ স্কোরের ব্যবধানে ভুটানকে পরাজিত করে। মো. সোহেল রানা, অসীম কুমার দাস ও মোহাম্মদ আশিকুজ্জামানকে নিয়ে গড়া ছিল বাংলাদেশ দল।
কম্পাউন্ড মহিলা দলগত
এই ইভেন্টে ফাইনালে বাংলাদেশ ২২৬-২১৫ স্কোরের ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে স্বর্ণ জয় করে। সুস্মিতা বণিক, সুমা বিশ্বাস ও শ্যামলী রায়কে নিয়ে গড়া ছিল বাংলাদেশ দল।
কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্ট
মো. সোহেল রানা ও সুস্মিতা বণিককে নিয়ে গড়া বাংলাদেশ দল ফাইনালে ১৪৮-১৪০ স্কোরের ব্যবধানে নেপাল কে পরাজিত করে স্বর্ণ নিশ্চিত করে।
সোমবার রিকার্ভ পুরুষ ও নারী এবং কম্পাউন্ড পুরুষ ও নারী বিভাগের ফাইনাল অনুষ্ঠিত হবে।