রাজধানীতে বিএনপির বিক্ষোভ মিছিল

দলের কারাবন্দী চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে রবিবার রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন বিএনপির নেতাকর্মীরা।

রাজধানীতে বিক্ষোভ মিছিল করেন ভাটারা থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এতে অংশ নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির কোষাধ্যক্ষ ও ভাটারা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এজিএম শামসুল হক, ভাটারা থানা বিএনপির সভাপতি নুরুল ইসলাম কাজী, ভাটারা থানা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরসহ নেতাকর্মীরা।

ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম আবদুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বনানী, বাড্ডা, পল্লবী, রূপনগর, খিলক্ষেত, বিমানবন্দর, উত্তরা পূর্ব, মোহাম্মাদপুরসহ সবগুলো থানা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির দপ্তর সম্পাদক সাইদুর রহমান মিন্টু স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর মতিঝিল, নিউমার্কেট, যাত্রাবাড়ী, কামরাঙ্গীচর, ডেমরা, রমনা, গেন্ডারিয়া, বংশালসহ বিভিন্ন থানা বিএনপির নেতাকর্মীরা রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন।

দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করে বলেন, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিএনপির মিছিলে বাধা দিয়েছে পুলিশ। মিছিল থেকে দলের নেতাকর্মীদের আটক করেছে পুলিশ। এছাড়া সিরাজগঞ্জে বিএনপির মিছিলে পুলিশ গুলি করেছে।

রিজভী অভিযোগ করে বলেন, রাজধানীর কোতোয়ালী থানা বিএনপির মিছিলে বাধা দেওয়ার পাশাপাশি মো. লিমন নামে একজনকে আটক করেছে পুলিশ। চকবাজার থানার বিএনপি নেতা আতিক, মঈন, হৃদয়সহ পাঁচজন এবং শাহবাগ থানা বিএনপির নেতা মো. রফিককে আটক করেছে পুলিশ।