জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ে প্রফেসর আলী রীয়াজের পূর্ব নির্ধারিত এক আলোচনা অনুষ্ঠানে কিছু প্রবাসী বাংলাদেশি বিশৃঙ্খলা সৃষ্টি করে পণ্ড করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে জানায়, বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশের গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে শনিবার সন্ধ্যায় একটি আলোচনার আয়োজন করেছিল জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। আলী রীয়াজ তার সদ্য প্রকাশিত ‘ভোটিং ইন হাইব্রিড রিজিম, এক্সপ্লেইনিং দ্য ২০১৮ বাংলাদেশি ইলেকশন' বই এর ওপর বক্তব্য রাখেন। তার বক্তব্য শেষ হতেই কিছু প্রবাসী বাংলাদেশি সেখানে বিশৃঙ্খলা সৃষ্টি করলে আয়োজকরা অনুষ্ঠানটি বন্ধ করে দেন।
ঘটনাস্থলে উপস্থিত ডয়চে ভেলের সাংবাদিক রাহাত রাফি জানান, ‘তারা আলী রীয়াজের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। এই পরিস্থিতিতে একপর্যায়ে আয়োজকরা অনুষ্ঠান বন্ধ করে দিতে বাধ্য হন’।
আলী রীয়াজ যুক্তরাষ্ট্রের ইলিনয় ইউনিভার্সিটির ডিপার্টমেন্ট অব পলিটিকস অ্যান্ড গভর্নমেন্ট এর ডিসটিনগুইসড প্রফেসর।
ঘটনার পর অধ্যাপক আলী রীয়াজ নিজের ফেইসবুকে একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘ইংরেজীতে লেখা মাত্র ১০৭ পৃষ্ঠার একটা বই নিয়ে একটা বিদেশি বিশ্ববিদ্যালয়ে আলোচনার ও আমন্ত্রিত লেখকের প্রশ্ন-উত্তর অনুষ্ঠানে দল বেধে এসে ক্ষমতাসীন দলের পরিচয় দিয়ে বিশৃঙ্খলা তৈরি করে, উদ্যোক্তাদের সঙ্গে অশোভন আচরণ করে বলছেন যে ‘দেশে গণতন্ত্র আছে, ভিন্নমত প্রকাশ করার স্বাধীনতা আছে'৷ অনেক লেখালেখি করেও এতো সহজে বোঝানো যেত না কী আছে আর কী নেই’।
বি: দ্র: ফেইসবুক স্ট্যাটাসের ভাষা ও বানান অবিকৃত রাখা হয়েছে।