এসএ গেমসে বাংলাদেশের স্বর্ণভরা দিন

এসএ গেমসের অষ্টম দিনটা দারুণ পার করেছে বাংলাদেশ। আর্চারি ডিসিপ্লিন থেকে এদিন ৬ স্বর্ণ উপহার পেয়েছে বাংলাদেশ। আর্চারির যে ছয়টি ইভেন্টের স্বর্ণ নিষ্পত্তি হয়েছে, সব কটি জিতে নেয় বাংলাদেশ। এ ছাড়া নারী ক্রিকেট দল পেয়েছে স্বর্ণের দেখা। সব মিলে বাংলাদেশ ৭ স্বর্ণ জিতেছে একদিনেই। গেমস ইতিহাসে একদিনে যা বাংলাদেশের সেরা সাফল্য।

দিনটি ৭ স্বর্ণ, ৫টি রুপা ও ১২ ব্রোঞ্জে কাটিয়েছে বাংলাদেশ। অষ্টম দিন শেষে সব মিলে ১৪ স্বর্ণ, ৩১ রুপা ও ৬৮ ব্রোঞ্জসহ মোট ১১৩ পদক বাংলাদেশের।

এরই মধ্যে বিদেশের মাটিতে এসএ গেমসের এক আসরে সর্বোচ্চ স্বর্ণ জয়ের রেকর্ড গড়ে ফেলেছে বাংলাদেশ। এর আগে বিদেশের মাটিতে বাংলাদেশের সেরা সাফল্য ছিল ১৯৯৫ মাদ্রাজ সাফ গেমসে। সেবার এসেছিল ৭টি স্বর্ণ।

সব মিলে এক আসরে সর্বোচ্চ স্বর্ণের রেকর্ড গড়ার হাতছানি এখন বাংলাদেশের সামনে। ২০১০ সালে নিজেদের মাটিতে আয়োজিত আসর থেকে সর্বোচ্চ ১৮টি স্বর্ণ পদক জয় করেছিল বাংলাদেশ।

আর্চারির ফলাফল:

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টের ফাইনালে রোমান সানা, মোহাম্মদ তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেলে গড়া বাংলাদেশ দল ৫-৩ সেট পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়ে স্বর্ণপদক জয় করে।

রিকার্ভ মহিলা দলগত ইভেন্টে ফাইনালে বাংলাদেশ (ইতি খাতুন, মেহনাজ আক্তার মনিরা ও বিউটি রায়) ৬-০ সেট পয়েন্টের ব্যবধানে শ্রীলঙ্কাকে পরাজিত করে গোল্ড মেডেল জয় করে।

রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে ফাইনালে বাংলাদেশ (রোমান সানা ও ইতি খাতুন) ৬-২ সেট পয়েন্টের ব্যবধানে ভুটান কে পরাজিত করে গোল্ড মেডেল জয় করে।

কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগে ভুটানকে ২২৫-২১৪ স্কোরে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন অসীম কুমার দাস, সোহেল রানা ও মোহাম্মদ আশিকুজ্জামানে গড়া বাংলাদেশ দল।

কম্পাউন্ড মহিলা দলগত বিভাগে শ্রীলঙ্কাকে ২২৬-২১৫ ব্যবধানে হারিয়ে সোনা জিতেন সুস্মিতা বণিক, শ্যামলী রায় ও সোমা বিশ্বাসকে নিয়ে গড়া বাংলাদেশ দল।

কম্পাউন্ড মিশ্র দ্বৈতে জুয়েল রানা-রোকসানা আক্তার জুটি স্বাগতিক নেপালের জুটিকে ১৪৮-১৪০ ব্যবধানে হারিয়ে স্বর্ণ পদক জিতেন।

ক্রিকেটের ফলাফল:

এসএ গেমসে মেয়েদের ক্রিকেটে শ্রীলঙ্কাকে ২ রানে হারিয়ে স্বর্ণ জিতেছে বাংলাদেশ। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৯১ রান তুলেছিল বাংলাদেশ। শ্রীলঙ্কা তুলতে পারে ৮৯ রান।

এদিকে ছেলেদের ক্রিকেটে লিগ পর্বের ম্যাচে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। কাঠমান্ডুর ত্রিভুবন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক ক্রিকেট মাঠে বাংলাদেশ ২০ ওভারে করেছিল ৬ উইকেটে ১৫০ রান। লঙ্কানরা জিতে ২৩ বল বাকি থাকতে। সোমবার ফাইনালে স্বর্ণ পদকের লড়াইয়ে নামবে এই দুই দল।

ফুটবলের ফলাফল:

কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিক নেপালের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। এ হারে ২০১০ সালের পর এসএ গেমসে ছেলেদের ফুটবলের স্বর্ণ পদক পাওয়ার আশাও শেষ হয়ে গেছে। প্রথমার্ধের একাদশ মিনিটে সুনিল বলের গোলে পিছিয়ে পড়া বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি। লিগ ভিত্তিক আসরে তৃতীয় হয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে বাংলাদেশ।

কুস্তির ফলাফল:

মেয়েদের ৫৯ কেজিতে রৌপ্য পদক জিতেছেন আইরিন আক্তার নিপা। ৬২ কেজিতে শারমিন আক্তার, ৬৫ কেজিতে লাকী আক্তার, ৭২ কেজিতে রোজি আক্তার এবং ছেলেদের ৮৬ কেজিতে শরৎ চন্দ্র রায় ব্রোঞ্জ পদক পেয়েছেন।

শুটিংয়ের ফলাফল:

ছেলেদের ১০ মিটার এয়ার পিস্তলের দলগত ইভেন্টে ১৭০২ স্কোর গড়ে রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন শাকিল আহমেদ, আব্দুর রাজ্জাক ও সাব্বির আল আমিন।

১০ মিটার এয়ার পিস্তলের এককে বাংলাদেশের দুই প্রতিযোগী শাকিল ও রাজ্জাক যথাক্রমে সপ্তম ও অষ্টম হন। গতবার ৫০ মিটার এয়ার পিস্তলে স্বর্ণ জিতেছিলেন শাকিল।

হ্যান্ডবলের ফলাফল:

মেয়েদের হ্যান্ডবলে ব্রোঞ্জপদক পেয়েছে বাংলাদেশ। ব্রোঞ্জপদক নির্ধারণী ম্যাচে পাকিস্তানকে ৩১-১৫ গোলে হারায় তারা। ছেলেদের হ্যান্ডবলে শ্রীলঙ্কার কাছে ২৬-২৩ গোলে হেরে ব্রোঞ্জপদক হারিয়েছে বাংলাদেশ।

ভারোত্তলনের ফলাফল:

ছেলেদের ১০৯ কেজি ওজন শ্রেণিতে আব্দুল্লাহ আল মমিন ব্রোঞ্জ পেয়েছেন। আজ শেষ হয়েছে ভারোত্তলন ডিসিপ্লিন। বাংলাদেশ ২টি স্বর্ণ, ৬টি রৌপ্য ও ৫টি ব্রোঞ্জসহ ১৩টি পদক জিতেছে।

ফেন্সিংয়ের ফলাফল:

ছেলেদের দলগত সেইবারে রৌপ্য পদক জিতেছে বাংলাদেশ। ছেলেদের দলগত ইপি ইভেন্টে রৌপ্য পায় বাংলাদেশ। ফয়েলে মেয়েদের দলগত ইভেন্টে ব্রোঞ্জ পদক বাংলাদেশের।

সাঁতারের ফলাফল

ছেলেদের ৫০ মিটার ব্যাকস্ট্রোকে ২৮ দশমিক ৮১ সেকেন্ড সময় নিয়ে রুপা জিতেছেন মোহাম্মদ নুর আলম। এই ইভেন্টে স্বর্ণ জিতেন পাকিস্তানের ইয়া খান।

ছেলেদের ৪০০ মিটার ফ্রিস্টাইলে ব্রোঞ্জ পান ফয়সাল আহমেদ (৪ মিনিট ১২.২৪ সেকেন্ড)। মেয়েদের ২০০ মিটার বাটারফ্লাইয়ে ২ মিনিট ৩৩.৭৫ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ পান জুনাইনা আহমেদ।

কাবাডির ফলাফল

ছেলেদের কাবাডিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৩৫-২০ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। তবে এ ইভেন্টে ‍দুটি ব্রোঞ্জ থাকায় দ্বিতীয় দল হিসেবে ব্রোঞ্জ পেয়েছে বাংলাদেশ।

জুডোর ফলাফল

মেয়েদের অনূর্ধ্ব-৫২ কেজিতে তাহমিদা তাবাস্সুম এবং অনূর্ধ্ব ৬৩ কেজিতে উকরয় মার্মা ব্রোঞ্জ পেয়েছেন।