গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বরকুল ও বরামা এলাকায় তিনটি অবৈধ ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এর মধ্যে একটি ইটভাটামালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল রবিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৌধুরী মুস্তাফিজুর রহমান।
গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, গাজীপুর জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথভাবে শ্রীপুরের বরমী বরকুল ও বরামা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বরকুল এলাকায় মেসার্স হুমায়রা ব্রিকস (এমএইচবি) এবং বরামা এলাকায় মেসার্স সালাউদ্দিন ব্রিকস (এমএসবি) ও মেসার্স আশরাফুল ব্রিকস (এমএবি) ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। এর মধ্যে মেসার্স সালাউদ্দিন ব্রিকসের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। ইটভাটা তিনটি অবৈধভাবে চালানো হচ্ছিল। ভ্রাম্যমাণ আদালতের বিচারক চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, উচ্চ আদালতের নির্দেশে অবৈধ তিনটি ইটভাটা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে উপস্থিত ছিলেন গাজীপুরের পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক শেখ মোজাহীদ ও আব্দুল রাজ্জাক, গাজীপুর র্যাব-১ ও আনসার ব্যাটালিয়ন সদস্যরা।