বিএনপি নেতা মেজর (অব.) মো. আখতারুজ্জামান মনে করেন, লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চাইলে ১৬ ডিসেম্বরের আগেই চেয়ারপারসন খালেদা জিয়া কারামুক্ত হবেন। গত শনিবার মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।
আখতারুজ্জামান লেখেন, ‘একমাত্র ভারপ্রাপ্ত চেয়ারম্যানই পারেন দেশমাতা খালেদা জিয়াকে মুক্ত করতে। কারণ বিএনপি একটি বিশাল রাজনৈতিক দল। গ্রামপর্যায়েও বিএনপির সাংগঠনিক ভিত্তি রয়েছে। আছে বিশাল কর্মীবাহিনী এবং তৃণমূল পর্যায়ে ব্যাপক নেতৃত্ব। তার ওপরে বর্তমান প্রেক্ষাপটে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি।’ বিএনপির সাবেক এই এমপি বলেন, ‘জনগণের মাঝে রয়েছে দলের প্রতি বিশেষ করে দেশমাতা খালেদা জিয়ার প্রতি বিশাল জনমত। এখন যদি দলের নেতৃত্ব ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান সত্যিকারভাবে ইচ্ছা পোষণ করেন যে আগামী ১৬ ডিসেম্বরের আগে তাকে মুক্ত করে আনবেন তাহলে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের শুধু একটি নির্দেশেই সারা দেশের মানুষ বিক্ষোভ ও দেশমাতার মুক্তির জন্য বিস্ফোরণ ঘটাবে।’